আজকাল ওয়েবডেস্ক: এমন অভিনব ঘটনা আগে ঘটেছে কখনও! টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করে ছিটকে গিয়েছে পাকিস্তান। তার পরই সংবাদমাধ্যমে লেখা হয়েছে, পিসিবি প্রতিটি ক্রিকেটারকে পাকিস্তানি মুদ্রায় পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পরে পিসিবি-র এই জরিমানা বলে জানানো হয়েছে। এবারের মেগা টুর্নামেন্টে গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে মোট ৬টি ম্যাচ খেলেছে পাকিস্তান। গ্রুপে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিরুদ্ধে পাকিস্তান জিতলেও ভারতের কাছে হার মেনেছিলেন সলমন আলি আঘার দল।
সুপার এইটে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ইংল্যান্ডের কাছেও হার মানে পাকিস্তান। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হত। সেই জায়গায় মাত্র ৫ রানে ম্যাচ জেতে পাকিস্তান। ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় তাদের।
এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে ৬১ রানে হারের পরই পাক ক্রিকেটারদের জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পিসিবি-কর্তারা ক্রিকেটারদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এবার থেকে কেবল পারফরম্যান্সের ভিত্তিতেই আর্থিক সুবিধা পাওয়া যাবে।
কিন্তু পিসিবি কর্তাদের এহেন জরিমানা একেবারেই পছন্দ হয়নি শাহিদ আফ্রিদির। বলেছেন, ''অত্যন্ত ছোট্ট চিন্তাভাবনা। পঞ্চাশ লক্ষ টাকা তো কম। আমার মতে এটা কোনও জরিমানাই নয়।''
আফ্রিদি আরও বলেন, ''এমন অনেক ক্রিকেটার রয়েছে যাদের দু'বছরের আগে জাতীয় দলে ফেরানোই উচিত নয়। এটাই বড় সাজা এদের জন্য।'' আফ্রিদি আরও বলেন, যাদের বিশ্রামের দরকার, তাদের বিশ্রাম দিয়ে দাও। প্লেয়ারদের ভিতরে পরিবর্তন আনতে হবে।''
বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পরে সেদেশে শুরু হয়ে গিয়েছে সংস্কারের ডাক। কিন্তু পাক ক্রিকেট কি বদলাবে? বড় শাস্তির কথা বলে দিলেন আফ্রিদি।
