আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত।

সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর কিছুটা ধাক্কা খেলেও জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দাপুটে জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।

অন্য সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তবে বিশ্বকাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার মাঝেই আবহাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অনেকের প্রশ্ন, যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়, তাহলে কী হবে? বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে, ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে।

বৃহস্পতিবার ম্যাচ সম্পূর্ণ করা না গেলে শুক্রবার খেলা গড়াতে পারে। নির্ধারিত দিনে অতিরিক্ত ৯০ মিনিট এবং রিজার্ভ ডেতে আরও ১২০ মিনিট সময় রাখা হয়েছে, যাতে অন্তত পাঁচ ওভারের ম্যাচ সম্পন্ন করা যায়।

তবুও যদি ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে সুপার এইট পর্বের পয়েন্ট তালিকার ভিত্তিতে ফল নির্ধারিত হবে। সে ক্ষেত্রে গ্রুপে শীর্ষে থাকা ইংল্যান্ড ফাইনালে উঠবে।

সুপার এইটে ইংল্যান্ড তিন ম্যাচে তিনটি জয় নিয়ে নিজেদের গ্রুপে প্রথম হয়েছিল। অন্যদিকে, ভারত দুটি জয় নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে। একইভাবে, যদি দুটি সেমিফাইনালই বাতিল হয়ে যায়, তাহলে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ফাইনালে পৌঁছে যাবে।

উল্লেখ্য, মুম্বইয়ে ভারত বনাম ইংল্যান্ড লড়াই এই নিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল হচ্ছে। ২০২২ সালে সেমিফাইনালে ইংল্যান্ড ভারতের যাত্রা থামিয়ে দেয় এবং পরে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে।

কিন্তু দু’বছর পর ছবিটা পাল্টে যায়। রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে হারায়।

সেই একই সেই ছন্দ বজায় রেখে বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে শিরোপা জয় করে। এবারের সেমিফাইনালে ইতিহাস কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।