আজকাল ওয়েবডেস্ক: অভিষেক শর্মা কি স্লগার? ভারতের ওপেনারের  ব্যাটিংয়ের ধরনধারণ দেখে তাঁকে স্লগার বলেছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির।

জিম্বাবোয়ের বিরুদ্ধে অভিষেকের ব্যাট থেকে আসে পঞ্চাশ। তার পর আমিরকে জবাব দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। 
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ''মহম্মদ আমিরের একটি ভিডিও দেখেছি যেখানে আমি স্লগার বলেছে অভিষেক শর্মাকে। আমি  পরিষ্কার করে দিতে চাই, অভিষেকের খেলা নিয়ে যা খুশি বলতেই পারেন, কিন্তু অভিষেক স্লগার নয়। ওর ব্যাট ঘোরানো অসাধারণ। আমরা সবাই জানি অভিষেকের মেন্টর  যুবরাজ সিং।'' 
অশ্বিন আরও বলেন,  ''ওর ব্যাট সুইং যুবরাজের চেয়েও ভাল। এর থেকে  ভাল ব্যাট সুইং আর সম্ভবই নয়। অভিষেক যখনই শট খেলে, তা অনেক দূরে উড়ে যায়। অনেকেই অভিষেককে স্লগার ভেবে ভুল করতে পারেন। অভিষেক প্রতিটি বলেই আক্রমণাত্মক মনোভাব দেখায়, এটা ওর বিরুদ্ধে যেতে পারে।''

বিশ্বকাপের একটি ম্যাচে পেটের সমস্যার কারণে খেলতে পারেননি। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচেই শূন্য করেন অভিষেক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৫ রান করেন। অবশেষে জিম্বাবোয়ের বিরুদ্ধে আবার ফর্মে দেখা গেল তাঁকে। অভিষেক বলেছেন, ''রান করলে সব সময়েই ভাল লাগে। দলের জন্য অবদান রাখতেও পেরেছি। অনেক দিন ধরে এই মুহূর্তটার অপেক্ষা করছিলাম। অবশেষে সেটা হয়েছে। আমি খুব খুশি।''

জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৬ বলে অর্ধশতরান করেন অভিষেক। এটি তাঁর দ্বিতীয় মন্থরতম অর্ধশতরান। কেন হঠাৎ মাঝের দিকে ধীরগতিতে ব্যাট করছিলেন? অভিষেকের উত্তর, ''ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে ব্যাট করিনি। কয়েকটা বল খেলার পর চেষ্টা করছিলাম পিচে যতটা সম্ভব সময় কাটানোর। কারণ এই ম্যাচের আগে গোটা প্রতিযোগিতায় ১০–১২ বলও খেলতে পারিনি। তাই ক্রিজে একটু সময় কাটানোও লক্ষ্য ছিল। যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তার জন্য গোটা দলকে ধন্যবাদ দিতে চাই। শেষের দিকে মনেই হয়নি যে আমি দলের হয়ে রান করতে পারছি না। এতটাই ভাল ভাবে আমার খেয়াল রেখেছে সকলে।''