আজকাল ওয়েবডেস্ক: পাক ক্রিকেটে হতাশা, প্রশ্ন আর বিতর্ক। কিন্তু এতকিছুর মধ্যেও  পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহান এক অনন্য নজির গড়ার দিকে এগোচ্ছেন। 

তাঁর নামের পাশে লেখা ২২০ রান। সুপার এইটে আরও দুটো ম্যাচ বাকি রয়েছে পাকিস্তানের। সেই দুটো ম্যাচে আরও এগোতে পারবেন সাহিবজাদা ফারহান। 

পাক ব্যাটারের দৌরাত্ম্যে বিরাট কোহলির নজির ভাঙনের মুখে। ১২ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি 'বিরাট' ৩১৯  রান করেছিলেন। ২০২২ সালে ২৯৬ রান  এসেছিল বিরাটের ব্যাট থেকে। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ৩১৯ রান সর্বোচ্চ। 
সাহিবজাদা ফারহান ছুটছেন কোহলিকে ছাপিয়ে যাবেন বলে। বিরাট কোহলির কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে কী বলছেন পাক তারকা? ফারহান বলছেন, ''আমি স্ট্যাটসের দিকে তাকাই না। আমি পারফর্ম করলেও লোকে আমাকে জিজ্ঞাসা করে, কত রান করেছি। রেকর্ডের দিকে তাকালে তা অতিরিক্ত বোঝা। শেষটা আমি ভাল ভাবে করতে চাই। পাকিস্তানকে গর্বিত করতে চাই।'' 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের সুপার এইটের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। তাছাড়া প্রতিটি ম্যাচে লাগাতার ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানকে। কিন্তু ফারহানের ব্যাট থামেনি। তিনি রান করে গিয়েছেন।  ফারহান বলে যান, ''এটাই আন্তর্জাতিক ক্রিকেট। প্রথম বল থেকে চালানো সম্ভব নয়।'' 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা কিন্তু শুরু থেকেই মারতে গিয়ে নিজেদের বিপন্ন করেছেন। ফারহান কি পক্ষান্তরে ভারতীয় ব্যাটারদের কটাক্ষ করে গেলেন?