আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়লেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি ছ'ইনিংসে ৩১৯ রান করেছিলেন। সেই রান এতদিন অক্ষত ছিল। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ভেঙে দিলেন বিরাট কীর্তি। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬০ বলে ১০০ রানের সাবলীল এক ইনিংস খেললেন ফারহান। ৯টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। তাঁর সঙ্গে ফকর জামানও ৪২ বলে দুর্দান্ত ৮৪ রানের ইনিংস খেললেন। সব মিলিয়ে পাকিস্তান ২০ ওভারে করল ৮ উইকেটে ২১২ রান। এদিন সেঞ্চুরি হাঁকানোর ফলে ফারহানের মোট রান হল ৩৮২। কোহলির থেকেও ৬৪ রান বেশি করেন তিনি। এক বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক এখন ফারহানই।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে পাকিস্তান দলে তিনটি পরিবর্তন করে। বাবর আজম, সাইম আয়ুব ও সলমন মির্জাকে বসানো হয়। তাঁদের পরিবর্তে নাসিম শাহ, খাওয়াজা নাফায় ও আবরারকে দলে সুযোগ দেওয়া হয়। 

প্রথমে ব্যাট করে পাকিস্তান দুর্দান্ত শুরু করে। ফারহান ও ফকর জামান ১৪ ওভারে ১৫০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন। পাওয়ারপ্লেতে ওঠে ৬৪ রান। তার পরে ম্যাচ যত গড়িয়েছে, ফারহান আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন।