আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে ভারতের কাছে হার। তার জন্য ক্রিকেটারদের আর্থিক জরিমানা করা হয়েছে। বিশ্বকাপের পরেই আলীম দার ইস্তফা দিয়েছেন। পাকিস্তান ক্রিকেটের লজ্জা বাড়ালেন এক ক্রিকেটার। 

ক্যান্ডিতে থাকার সময়ে এক মহিলা হোটেলকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করার জন্য তাঁকে জরিমানা করা হয়েছে। 

সুপার এইটের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে এক পাক ক্রিকেটার দুর্ব্যবহার করেন। দলের ম্যানেজার তা জানতে পেরে আর্থিক জরিমানা করেন। 

টেলিকম এশিয়া স্পোর্ট নামের একটি সংবাদমাধ্যমকে এক সূত্র বলেছে, ''শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচের আগে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা এক ক্রিকেটার হোটেলের মহিলা হাউজকিপিং স্টাফের সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই হোটেলকর্মী চিৎকার করে ওঠেন। সাহায্য চান। তাঁর চিৎকার শুনে হোটেলের বাকি কর্মীরা এগিয়ে আসেন। সেই হোটেলকর্মীকে রক্ষা করেন। পুরো বিষয়টা জানান পাকিস্তানের টিম ম্যানেজার 
নাভেদ চিমাকে।'' 

গোল্ডেন ক্রাউন হোটেলের শীর্ষ ম্যানেজমেন্ট হেস্তনেস্ত করতে চেয়েছিলেন। কিন্তু চিমা হোটেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নেন। সেই ক্রিকেটারকে জরিমানা করা হয়। 

শ্রীলঙ্কাকে যদিও সেই ম্যাচে পাকিস্তান হারায় পাঁচ রানে। ম্যাচ জিতলেও শেষ চারে পৌঁছতে পারেনি পাকিস্তান। সংশ্লিষ্ট ক্রিকেটারকে পিসিবি-র শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হতে হবে। আরও শাস্তির মুখে পড়তে হবে তাঁকে।