আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের সুপার এইটের দ্বিতীয় ম্যাচে হার পাকিস্তানকে কোণঠাসা করে দিয়েছে। সেমিফাইনালের অঙ্ক অত্যন্ত কঠিন। এবার টিভির পর্দার প্রকাশ্যে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন সাকলাইন মুস্তাক এবং মহম্মদ হাফিজ। ম্যাচের পর একটি আলোচনায় মহম্মদ নওয়াজের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রসঙ্গে দু'জনের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়। সাকলাইন দাবি করেন, ব্যাট এবং বল হাতে সমান পারদর্শী নওয়াজ। কিন্তু পাল্টা তর্ক জুড়ে দেন হাফিজ। জানান, ওর প্রাথমিক কাজ উইকেট নেওয়া। 

সাকলাইন বলেন, 'ও দুটোই করতে পারে। তুমি ওকে নিয়ে এরকম বলতে পারো না।' তার উত্তরে হাফিজ পাল্টা প্রশ্ন করেন, 'ওর প্রথম কাজ কী? ও ব্যাটার না বোলার?' তার উত্তরে সাকলাইন বলেন, 'আমার মনে হয় ও ব্যাটিং এবং বোলিংয়ে সমান পারদর্শী।' তাতে হাফিজের পাল্টা প্রশ্ন, 'তাহলে ওকে পাঁচ নম্বরে ব্যবহার করা হচ্ছে না কেন?' হাফিজের প্রশ্নের উত্তরে সাকলাইন জানান, তিনি যখন পাকিস্তানের দলের সঙ্গে যুক্ত ছিলেন, নওয়াজকে পাঁচ নম্বরে ব্যাট করানো হয়েছে।

সাকলাইনের উত্তরে সন্তুষ্ট হয়নি হাফিজ। পাল্টা প্রশ্ন করেন, 'তাহলে কি ও ব্যাটার যে বল করতে পারে? আমি অলরাউন্ডার হিসেবে পাকিস্তানে খেলেছি। কিন্তু আমার প্রধান কাজ ছিল ব্যাটিং। নওয়াজের বোলিং প্রধান দায়িত্ব। সেটা না করতে পারলে দলে থাকার অধিকার নেই।' নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বাধ্যতামূলক ছিল। কিন্তু হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দোরগোড়ায় পাকিস্তান। শেষ চারে যেতে অনেক অঙ্ক কষতে হবে।