আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। ভারত ফাইনালে পৌঁছেছে। কিন্তু মহম্মদ রিজওয়ান আছেন মহম্মদ রিজওয়ানেই।
ইংল্যান্ডের বিরুদ্ধে শ্বাসরুদ্ধ সেমিফাইনাল জিতে ভারত পৌঁছেছে বিশ্বকাপ ফাইনালে। ওয়াংখেড়ের সেই সেমিফাইনাল নিয়ে কালি খরচ হচ্ছে এখনও। পাকিস্তানের তারকা ক্রিকেটার এর মধ্যেই বলে দিলেন, তিনি ভারতের খেলা দেখেন না।
তাঁর দেশের প্রাক্তন ক্রিকেটাররা ভারতের খেলা দেখছেন। চুল চেরা বিশ্লেষণ করছেন। আর রিজওয়ান বলছেন তিনি ভারতের খেলা দেখেন না।
তাঁর এহেন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তৈরি হল আলোড়ন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখলেন, ''ভারতের ম্যাচ দেখে না রিজওয়ান? খুব ভাল কথা। ও নিজের লিভিং রুমে বসে বাকিদের মতো ফাইনাল দেখুক। অনেক ফ্রি টাইম আছে।''
রিজওয়ান নিজেই নিজেকে হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছেন।
বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করায় পাক ক্রিকেটারদের জরিমানা করা হয়েছে। সেই প্রসঙ্গে এক সাংবাদিককে রিজওয়ান বলেই ফেলেন, ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে রিপোর্টারদেরও জরিমানা করা উচিত। এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনে রিজওয়ান বলেছেন, ''বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে গিয়েছে নেট রান রেটে।''
সেই সাংবাদিক বলেছেন, ''শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা আমরা খুবই খারাপ খেলেছি।''
রিজওয়ান মানতে চান না। তিনি বলেন, ''তাতে কিছু যায় আসে না। দিনের শেষে খেলার রেজাল্টই থেকে যাবে।'' সেই সাংবাদিক রিজওয়ানকে বলেন, দেখুন ভারত কী সুন্দর খেলছে।
তার উত্তরে রিজওয়ান চমকে দিয়ে বলছেন, তিনি ভারতের খেলা দেখেন না। ভারত আজ বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে। রিজওয়ান সেই ম্যাচ দেখবেন কিনা জানা নেই। তবে তিনি না দেখলেও প্রাক্তন পাকিস্তান তারকারা কিন্তু মেগাফাইনাল দেখার জন্য সন্ধ্যা থেকে টিভি চালিয়ে বসে থাকবেন।
