আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরই আহমেদাবাদে শুরু মেগা ফাইনাল। তার আগে একটি অবাক করার মতো ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রায় তিন মাস আগেই ভারত সফরে এসেছিলেন। এবার সুদূর আর্জেন্টিনা থেকে ভারতকে সমর্থন জানালেন লিওনেল মেসি। দিল্লিতে হাতে জার্সি তুলে দিয়েছিলেন জয় শাহ। ফাইনালের আগে সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল ছড়িয়ে রয়েছে ভারতের জার্সি পরিহিত মেসি। অ্যাডিডাস‌ ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে। তাঁরাই ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল কিট স্পন্সর। তাঁদের পোস্টে টিম ইন্ডিয়ার নীল জার্সিতে দেখা যায় মেসিকে। হাইভোল্টেজ ফাইনালের আগে ইনস্টাগ্রামে অ্যাডিডাস‌ ইন্ডিয়া লেখে, 'তিনটে স্ট্রিপ বিশ্বচ্যাম্পিয়নদের ভাল লাগে। এগিয়ে যাও টিম ইন্ডিয়া।'

এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মেসিকে ভারতের জার্সিতে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। এই ছবি ইন্টারনেট তোলপাড় করে দিচ্ছে। তবে মেসির ভারতের সঙ্গে সম্পর্ক শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার আটকে নেই। অনেক গভীর। আর্জেন্টিনার জার্সিতে কলকাতায় অধিনায়কত্বে হাতেখড়ি হয় মেসির। ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলে আর্জেন্টিনা। সম্প্রতি গত বছর ডিসেম্বরে প্রায় এক সপ্তাহের ভারত সফরে আসেন মেসি। বেশ কিছু প্রমোশনাল ইভেন্টে অংশ নেন। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লিতে যান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। দিল্লিতে ফুটবলের সঙ্গে মিশে যায় ক্রিকেট। মেসির হাতে টিম ইন্ডিয়ার জার্সি এবং ক্রিকেট ব্যাট তুলে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। সেখানে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ হয় মেসির। ছিলেন ক্রিকেটাররাও। এছাড়াও ছিলেন অলিম্পিক এবং প্যারা অলিম্পিক চ্যাম্পিয়নরা। ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনালের আগে বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদের থেকে সমর্থন অন্য মাত্রা যোগ করেছে।