আজকাল ওয়েবডেস্ক: ক্রমাগত ব্যর্থ অভিষেক শর্মা। টানা তিনটি ম্যাচে শূন্য করার পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি করেন ১৫ রান। 

অভিষেকের ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। এই পরিস্থিতি থেকে অভিষেক কীভাবে রানে ফিরতে পারেন, তা জানেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। কিন্তু এখন আর কিছু করার নেই বলে জানালেন তিনি।

ভারতকে সবচেয়ে চিন্তায় রেখেছে ওপেনার অভিষেক শর্মার ফর্ম। আইসিসি ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর টি–২০ ব্যাটারকে দেখে মনে হচ্ছে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। 

এদিকে পরের ম্যাচ খেলার জন্য চেন্নাইয়ে নেমেছে ভারতীয় দল। তাদের দেখার জন্য ক্যামেরাম্যানদের হুড়োহুড়ি লেগে যায়। এর মধ্যেই দেখা যায় বাসচালকের ঠিক পিছনে বসে রয়েছেন গম্ভীর ও অভিষেক শর্মা। তাঁরা নিজেদের মধ্যে গুরুগম্ভীর  কথাবার্তা বলছেন। গম্ভীর কি শিষ্যকে দুষছেন? ভর্ৎসনা করছেন লাগাতার ব্যর্থতার জন্য? ক্রিকেট মাঠে কোচিং না করিয়ে অভিষেক শর্মাকে বাসে কোচিং করাচ্ছেন গম্ভীর? গম্ভীর ও অভিষেক শর্মার কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''অভিষেক শর্মাকে বাসে কোচিং করাচ্ছেন গৌতম গম্ভীর। কিন্তু স্যর ক্যামেরার সামনে এই সব শো বন্ধ করুন। একজন প্লেয়ারকে কীভাবে বোঝাতে হয়, কীভাবে তার আত্মবিশ্বাস বাড়াতে হয় এবং তার থেকে কীভাবে সেরাটা বের করে নিতে হয় তা রোহিত শর্মাকে দেখে শিখুন।'' 

গম্ভীরের শরীরী ভাষা দেখে মনে হওয়াই স্বাভাবিক তিনি অভিষেককে পরের ম্যাচের আগে টেকনিক নিয়ে পরামর্শ দিচ্ছেন। 

ভারত চাইছে তরুণ ওপেনার দ্রুত ফর্মে ফিরুন। বিশ্বকাপ পৌঁছে গিয়েছে দারুণ জায়গায়। ভারত প্রথম ম্যাচেই হার মেনেছে। পরবর্তী ম্যাচগুলোর জন্য এবং ভারতকে টিকে থাকতে হলে অভিষেক শর্মাকে রানে ফিরতেই হবে।