আজকাল ওয়েবডেস্ক: তাঁকে নিয়ে কত কথা। কত আলোচনা। দেশজুড়ে তাঁকে নিয়ে সমালোচনার ঝড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও গৌতম গম্ভীরকে নিয়ে সন্তুষ্ট ছিল না দেশের ক্রিকেটপ্রেমীরা। রবি-রাতের পরে বলাই যায় ভারতের হেডস্যর গৌতম গম্ভীর একই সঙ্গে নিন্দিত ও নন্দিত ব্যক্তি। আজ তাঁর জবাব দেওয়ার রাত। গৌতম গম্ভীর ইতিহাসের পাতায় নাম লিখে ফেললেন। প্রথম ব্যক্তি হিসেবে তিনি ডাবল জিতলেন। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন গম্ভীর। আবার এই ২০২৬ সালে গম্ভীর ভারতীয় দলের হেড কোচ। কোচ ও প্লেয়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বজয়ী আর নেই ভূভারতে। 

হেড কোচ হওয়ার আগে গৌতম গম্ভীর ছিলেন আইসিসি টুর্নামেন্টের সবথেকে সফল পারফরমার। ২০০৭ বিশ্বকাপের ফাইনালে গম্ভীর পাকিস্তানের বিরুদ্ধে ৫৪ বলে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন। 

২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে গম্ভীর ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনির ছক্কা মেরে বিশ্বজয় গম্ভীরের উপর থেকে সরিয়ে দিয়েছিল প্রচারের সার্চলাইট। ক্ষুব্ধ গম্ভীরকে বলতে শোনা গিয়েছিল, একটা ছক্কা বিশ্বকাপ জেতায়নি। সেদিন গম্ভীরের ৯৭ রান সেঞ্চুরির থেকেও গুরুত্বপূর্ণ ছিল। 

জার্সি বদলে যায়। রঙ বদলায়, নকশা বদলায়। আর জার্সির গায়ে লেগে থাকা গল্পগুলো!জার্সির ভাঁজে যত্নে রাখা হারানো জীবন, বদলে গেলেও তাকে ফেলে দেওয়া যায় না।

জার্সি তাই শুধু পোশাক নয়, কখনও সে বিজয়কেতন, কখনও আকাশছোঁয়ার স্পর্ধা কখনও স্বপ্নের শামিয়ানা। জার্সির গায়ে লেগে থাকা কাদা-মাটি-দাগ তৈরি করে ইতিহাস।  সেই জার্সির মালিক গৌতম গম্ভীর। 

এহেন গম্ভীর এখন কোচ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতের রিমোট কন্ট্রোল হাতে তুলে নিয়েছিলেন গৌতম গম্ভীর। 

কোচ হয়ে আসার পরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন তিনি। গোটা টুর্নামেন্টে অপরাজিত থাকার পরে ভারত নিউজিল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল। প্রায় এক যুগের চ্যাম্পিয়ন্স ট্রফির খরা কাটিয়েছিল ভারতীয় দল। টি-টোয়েন্টি ফরম্যাটে গম্ভীরের ভারত ধরাছোঁয়ার বাইরের এক কক্ষপথে পৌঁছে গিয়েছে। কিন্তু টেস্ট ফরম্যাট বা পঞ্চাশ ওভারের ফরম্যাটে গম্ভীরের দল নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর সময়ে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো মহাতারকারা টেস্ট ফরম্যাট থেকে সরে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ চলাকালীন রবিচন্দ্রন অশ্বিন অবসর গ্রহণ করেন। ভারতীয় ক্রিকেটে 
গম্ভীর-জমানা বিতর্কিত-অধ্যায়। বিতর্ক-সমালোচনার ছাই থেকে নতুন এক ফিনিক্স জন্ম নিল। সেই ফিনিক্সের নাম গৌতম গম্ভীর।