আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার ভারত-পাক মহারণ। তার আগে স্টুডিওতে কান্নায় ভেঙে পড়লেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদ। 

জিও নিউজের অনুষ্ঠান 'হাসনা মানা হ্যায়'-তে নিজের ক্রিকেটজীবন নিয়ে বলতে গিয়ে কেঁদেই ফেললেন প্রাক্তন পাক ক্রিকেটার। 

ঘরোয়া ক্রিকেটে তিনি নেই। নেই পাকিস্তান সুপার লিগে। নেই জাতীয় দলে। শেহজাদ বলছেন, ''আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমি হৃদয় দিয়ে কথা বলি। আমি খেলতে চাই। আমার একসময়ের সব সতীর্থরাই এখন খেলছে। কিন্তু আমি খেলার মধ্যে নেই। ওরা যে খেলছে, তাতে আমার ভাল লাগে। কারও ভাল হলে আমার ভালই লাগে।'' 

কিন্তু কেন এমন হল? কেন ক্রিকেট থেকে তিনি দূরে? আহমেদ শেহজাদ বলছেন, ''কী কারণে আমি ক্রিকেট থেকে দূরে সরে রয়েছি, সেটাই তো জানি না। কেন এটা হল? সব যেন আমার চোখের সামনে ঘটছে। ১৮ বছর আমি মাঠে জীবন কাটিয়েছি। হঠাৎই দেখলাম সব হাত থেকে বেরিয়ে গিয়েছে।'' 

সব কিছু মনে রয়েছে শেহজাদের। আর সেগুলো পাক ক্রিকেটারকে কাঁদায়। 

শেহজাদের ন'বছরের ছেলের প্রসঙ্গ উঠতেই শেহজাদ কান্নায় ভেঙে পড়েন। তিনি বলছেন, ''ওই যন্ত্রণা দু-তিন দিন ছিল। এক রাতে আমি যখন ঘুমনোর জন্য শুয়েছি, আমার ন'বছরের ছেলে বলেই ফেলল, বাবা তুমি যে খেলতে তা আমার মনে আছে। তবে সে তো অনেক আগের স্মৃতি। তবে আমি তোমাকে ভাল করে মনে করতে চাই।'' কথাগুলো বলার সময়ে শেহজাদ নিজেকে স্থির রাখতে পারেননি। ভেঙে পড়েন কান্নায়। 

২০১৬ থেকে ২০২১ পর্যন্ত আহমেদ শেহজাদ পিএসএলে খেলেন। এই সময়ের মধ্যে শেহজাদ ৪৫টি ম্যাচ খেলেন। ১০৭৭ রান করেন। স্ট্রাইক রেট ১২০। এর মধ্যে রয়েছে ৯টি পঞ্চাশ। তহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে শেহজাদের সম্পর্ক এখন তলানিতে।