আজকাল ওয়েবডেস্ক: কে ভেবেছিলেন ইতালি প্রথম ম্যাচ জিতবে? টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস তৈরি করে ফেলল ইতালি।
বিশ্বকাপ ফুটবলে ইতালিকে দেখা যাবে কিনা, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। কিন্তু ইতালির ক্রিকেট দল এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে দিল তারা।
ওয়াংখেড়েতে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সময়ে ভারতীয় দলের রিমোট কন্ট্রোল হাতে ছিল মহেন্দ্র সিং ধোনির হাতে। নুয়ান কুলশেখরাকে ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ হাতে তুলেছিলেন ধোনি। তাঁর স্মৃতিজড়িত মাঠেই ইতালি ইতিহাস গড়়ে ফেলল।
আজুরিরা নেপালকে ১০ উইকেটে হারাল। নেপাল কিন্তু এই ম্যাচে নামার আগে ফেভারিট ছিল। ইংল্যান্ডকে প্রায় হারিয়েই দিয়েছিল নেপাল। কিন্তু ইতালি ভয়ভীতি-হীন ক্রিকেট তুলে ধরে। প্রমাণ করে দেয় এই জয় মোটেও অঘটন নয়।
ইডেনে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হার মেনেছিল আজুরিরা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাড়াল তারা।
প্রথমে ব্যাট করে নেপালের ইনিংস থেমে যায় ১২৩ রানে। পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি নেপাল। ১৯.৩ ওভারে শেষ হয়ে যায় নেপালের যাবতীয় প্রতিরোধ। নেপালের ইনিংসের মধ্যে আরিফ শেখ সর্বোচ্চ ২৭ রান করেন। ইতালির বোলারদের মধ্যে কালুগামাগে ১৮ রানের বিনিময়ে তিন-তিনটি উইকেট নেন।
ইতালি ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দুই ওপেনার জাস্টিন মোস্কা ও অ্যান্থনি মোস্কা। জাস্টিন ৪৪ বলে ৬০ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে অ্যান্থনি ৩২ বলে ৬২ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান ইতালিকে।
১২.৪ ওভারেই ম্যাচ জিতে নেয় ইতালি। অথচ স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ইতালি ৭৩ রানে হার মেনেছিল। কিন্তু এদিন সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দেয় ইতালি। ভয়ডরহীন ক্রিকেট খেলে ম্যাচ জিতে নেয় আজুরিরা।
