আজকাল ওয়েবডেস্ক: ছন্দে নেই অভিষেক শর্মা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট 'বোবা' থেকে গিয়েছে। টানা তিন ম্যাচে শূন্যর পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খাতা খুললেও মাত্র ১৫ রান করেন অভিষেক শর্মা। 

দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হওয়ায় ভারতের রান রেট কমে যায়। সুপার এইটের বাকি দু'টি ম্যাচ ভারতের কাছে এখন বাঁচামরার হয়ে গিয়েছে। সেই ম্যাচে নামার আগে আগে বীরেন্দ্র শেহবাগ ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে বলছেন, অভিষেক শর্মাকে বসানো হোক। তাঁর পরিবর্তে সঞ্জু স্যামসনকে খেলানো হোক। 

বীরু বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে যে খেলোয়াড় ফর্মে রয়েছে, তাঁকেই সুযোগ দেওয়া উচিত। সেহবাগ বলছেন, ''আমি যদি ম্যানেজমেন্টের অংশ হতাম, তাহলে অভিষেককে বিশ্রাম দিতাম। সঞ্জু স্যামসনকে সুযোগ দিতাম। এটা মরণবাঁচন ম্যাচ। ভারত হেরে গেলে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।'' 

এই ধরনের বড় ম্যাচে সবথেকে শক্তিশালী দলই নামানো উচিত। 

দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হারের পরে ভারতের নেট রান রেট কমে গিয়েছে। জিম্বাবোয়ে ম্যাচ জিতে ভারতকে টিকে থাকতে হবে টুর্নামেন্টে। 

বীরু বলছেন, অভিষেককে বিশ্রাম দিতে। সুনীল গাভাসকর কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন, জিম্বাবোয়ের বিরুদ্ধে দলে ফেরা উচিত অক্ষর প্যাটেলের। তাঁর বদলে অর্শদীপ সিংকে বাদ দেওয়ার পরামর্শ দেন কিংবদন্তি। সুনীল গাভাসকর বলেন, ''আমি চাই অক্ষর প্যাটেল দলে ফিরুক। জিম্বাবোয়ে দলে খুব বেশি বাঁ হাতি ব্যাটার নেই। অর্শদীপ সিংয়ের জায়গায় ওকে খেলানো যেতে পারে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও খুব ভাল বল করেছে। এমন ছন্দে থাকা একজনকে বসাতে নাও চাইতে পারে টিম ম্যানেজমেন্ট। তাই একই দল রাখা হতে পারে।'' 

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কী হবে, সেটা জানতেও কৌতূহলী সবাই।