আজকাল ওয়েবডেস্ক: বিশ্বক্রিকেটে বর্তমানে একটাই চর্চার বিষয়। ভারত এবং নিউজিল্যান্ডের ফাইনাল। সেমিফাইনালে দাপুটে জয়ে দুই দলই এই জায়গায় পৌঁছেছে। তবে সুপার এইটে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দুই দলকেই। বিশ্বকাপের ঠিক আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জেতে ভারত। তবে ফাইনাল আলাদা লড়াই। এখনও পর্যন্ত কোনও আয়োজক দেশ বিশ্বকাপ জেতেনি। একইসঙ্গে কোনও দল খেতাব ধরে রাখতে পারেনি। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্র্যাড হ্যাডিন মনে করছেন, ফাইনালে ফিন অ্যালেন পার্থক্য গড়ে দিতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে শতরান করেন কিউয়ি ব্যাটার।
হ্যাডিন বলেন, 'যদি ফাইনালে ফিন অ্যালেন খেলতে শুরু করে, ভারত সমস্যায় পড়তে পারে। ঘরের মাঠে টিম ইন্ডিয়ার যাবতীয় পরিকল্পনা ভেস্তে দিতে পারে। আমি যদি ভারতীয় দলের সদস্য হতাম, কোনওভাবেই ফাইনালে নিউজিল্যান্ডকে খেলতে চাইতাম না।' অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপারের দাবি, ভারতের পরিবেশ এবং পরিস্থিতিতে খেলতে সমস্যা হবে না কিউয়িদের। তাঁরা দেখিয়ে দিয়েছে, ঘরের মাঠেও টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। হ্যাডিন বলেন, 'ভারতকে ঘরের মাঠে খেলতে নিউজিল্যান্ড ভয় পায় না। টেস্ট সিরিজে ওরা ভারতকে হারিয়েছে। ওরা যদি সেই মাইন্ডসেট নিয়ে নামতে পারে, এবং ফিন অ্যালেন খোলা মেজাজে খেলতে পারে, ওরা ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারে। আমি নিউজিল্যান্ডকে এগিয়ে রাখব।'
অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার নাথান লিয়নও নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছে। তিনি মনে করছেন, ফাইনালে বল হাতে মিচেল স্ট্যান্টনার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। লিয়ন বলেন, 'ফাইনালে আমি নিউজিল্যান্ডকে এগিয়ে রাখব। মিচেল স্যান্টনারকে কীভাবে খেলে ভারতীয় ব্যাটাররা, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। ও দলের অধিনায়ক, এবং এইসব পিচে খুবই কার্যকরী।' অস্ট্রেলিয়ার দুই প্রাক্তনীর ভোট নিউজিল্যান্ডকে। তবে অধিকাংশ ক্রিকেট পণ্ডিত ভারতকেই ফেভারিট ধরছে।
