আজকাল ওয়েবডেস্ক: চারে চার ভারতের। এবার সুপার এইটের পালা। রবিবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ টিম ইন্ডিয়ার। দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। তাই প্রথম চার ম্যাচ অনায়াসে জিতলেও, প্রোটিয়াদের বিরুদ্ধে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সূর্যকুমার যাদবদের। দেখা যাবে বেশ কয়েকটি দ্বৈরথ। তারমধ্যে একটি রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর সঙ্গে ডেওয়াল্ড ব্রেভিসের। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৬ উইকেটে জয়ের পর ভারতের রহস্য স্পিনারকে নিয়ে প্রশ্ন করা হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে। চার নম্বরে ব্যাট করা ব্রেভিস এই প্রসঙ্গ উড়িয়ে দেন। বলেন, 'ও একজন স্পিনার। আমি ওকে স্পিনারের বিরুদ্ধে খেলার মতো করেই খেলব। বল দেখে শট মারব।'
গতবছর দক্ষিণ আফ্রিকার ভারত সফরে সাফল্য পাননি ব্রেভিস। মাত্র ৬৯ রান করেন। গড় ১৭। তবে চারটে টি-২০ ম্যাচে বরুণ চক্রবর্তীর বলে আউট হননি। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে উত্থান হয় প্রোটিয়া ব্যাটারের। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। ৬ ম্যাচে ৫০৬ রান করেন। 'বেবি এবি' তকমা পান। তাঁর সঙ্গে তুলনা টানা হয় এবি ডি'ভিলিয়ার্সের। এই ট্যাগ উপভোগ করেন উঠতি তারকা। ব্রেভিস বলেন, 'এবির সঙ্গে আমার তুলনা টানা আমার কাছে বড় প্রাপ্তি। তার জন্য আমি কোনওদিন বাড়তি চাপ অনুভব করিনি। বরং, এটা সম্মানের।' আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। ভারতের বিরুদ্ধে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবেন।
দক্ষিণ আফ্রিকা দলের বিশেষ পরামর্শদাতা অ্যালবি মরকেল ২২ বছরের তারকাকে এক্স ফ্যাক্টর বলেন। যদিও চলতি টি-২০ বিশ্বকাপে এখনও সাফল্য পাননি। প্রথম তিন ম্যাচে ৬, ২৩, ২১ রান করেন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২৫ বলে ৩৬ রান করেন। তবে ধারাবাহিকতার অভাব নিয়ে বিন্দুমাত্র চাপে নেই। ব্রেভিস বলেন, 'আমি খেলাটা উপভোগ করতে চাই। তবেই ভাল জিনিস হয়। সবসময় ধারাবাহিক হওয়া যায় না। সবাই চরাই-উতরাইয়ের মধ্যে দিয়ে যায়। ইতিবাচক মনোভাব ধরে রাখতে হয় এবং নিজের স্টাইলে খেলা চালিয়ে যেতে হয়।' ভারতের বিরুদ্ধে জ্বলে ওঠার আশায় ২২ বছরের প্রোটিয়া। দু'বছর আগে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে এবার প্রোটিয়াদের দল অনেক বেশি শক্তিশালী। তাই লড়াইটা সহজ হবে না।
