আজকাল ওয়েবডেস্ক: অক্ষর প্যাটেলকে বাদ দেওয়া নিয়ে সমালোচনার ঝড় বইছে। এবার সেই ভুল শুধরে ফেলতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের অনুশীলনে তেমন ইঙ্গিত মিলল। নেটে প্রায় ৩০ মিনিট ধরে বল করেন অক্ষর। যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, জিম্বাবোয়ে ম্যাচে ফিরছেন তিনি। আগের ম্যাচে তাঁর জায়গায় খেলানো হয় ওয়াশিংটন সুন্দরকে। যা মেনে নিতে পারেনি ক্রিকেট পন্ডিতরা। ক্রিকেটীয় দিক থেকে ভাবতে হলে, সিদ্ধান্ত খুব ভুল ছিল না। পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকার দুই বিগ হিটার কুইন্টন ডি কক এবং রায়ান রিকেলটনের বিরুদ্ধে অফ স্পিন ব্যবহার করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেটা কার্যকরী হয়নি।
দক্ষিণ আফ্রিকার কাছে হারে সুপার এইটের বাকি দুটো ম্যাচ জিততেই হবে ভারতকে। জিম্বাবোয়ের টপ অর্ডারেও দু'জন বাঁ হাতি রয়েছে। ওপেনার তাদি মারুমানি এবং রায়ান বার্ল। সেক্ষেত্রে কি রেখে দেওয়া হবে ওয়াশিংটনকে? অনেকের মনে এই প্রশ্ন উঠতে পারে। নাকি ম্যাচ আপ প্রক্রিয়া অব্যাহত থাকবে? রিঙ্কু সিং না থাকায় দু'জনের খেলার সম্ভাবনাও রয়েছে। তবে কুলদীপ যাদবকে দলে ফেরানোরও একটা সম্ভাবনা আছে।
যাবতীয় হিসেব-নিকেষ ছাড়াও অক্ষরকে দলে ফেরানো উচিত। স্ট্যাম্প বরাবর বল করতে পারে। যার ফলে সবসময় উইকেট তুলে নেওয়ার সুযোগ থাকে। সেই কারণেই সুপার এইট এবং পরবর্তীতে অক্ষরকে দলে দরকার। তিন ম্যাচে ৬ উইকেট নেন। গড় ১২.১৬। ইকনমি রেট ৬.৬৩। চিপকের পিচ সাধারণত স্পিন সহায়ক হয়। কিন্তু এবার লাল এবং কালো মাটির মিশ্রণ হবে। তবে কালো মাটির পরিমাণ বেশি থাকবে। যার ফলে ব্যাটাররাও সুবিধা পাবে। যা অক্ষরের কার্যকারিতা বাড়াবে।
অক্ষরকে দলে চান প্রাক্তনরাও। সুনীল গাভাসকর স্পষ্ট জানিয়ে দেন, জিম্বাবোয়ের বিরুদ্ধে দলে ফেরা উচিত অক্ষর প্যাটেলের। তার বদলে অর্শদীপ সিংকে বাদ দেওয়ার পরামর্শ দেন কিংবদন্তি। সুনীল গাভাসকর বলেন, 'আমি চাই অক্ষর প্যাটেল দলে ফিরুক। জিম্বাবোয়ে দলে খুব বেশি বাঁ হাতি ব্যাটার নেই। অর্শদীপ সিংয়ের জায়গায় ওকে খেলানো যেতে পারে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও খুব ভাল বল করেছে। এমন ছন্দে থাকা একজনকে বসাতে নাও চাইতে পারে টিম ম্যানেজমেন্ট। তাই একই দল রাখা হতে পারে।' অক্ষরের হয়ে ব্যাট ধরেন অজিঙ্ক রাহানেও। ভারতীয় অলরাউন্ডারকে দলে ফেরানোর পরামর্শ দেন।
