আজকাল ওয়েবডেস্ক: মর্কেল-ভাইদের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে গেল। রবিবার সুপার এইটে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। আর সেই রুদ্ধশ্বাস ম্যাচ ঘিরেই দুই ভাইয়ের মধ্যে একপ্রকার শৈত্য চলছে। 

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পাশাপাশি আলো এসে পড়ছে দুই মর্কেল ভাইয়ের উপরে। 

একজন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। আরেক জন অ্যালবি মর্কেল। 
দক্ষিণ আফ্রিকার কোচিং পরামর্শদাতা হিসেবে কাজ করছেন অ্যালবি। 

এই দুই ভাই দুই দেশের কোচিং স্টাফ। ধর্মসঙ্কটে পড়ে গিয়েছেন তাঁদের মা মারিয়ানা মর্কেল। অ্যালবি মর্কেল মজা করে বলেছেন, তাঁদের মা চাপ অনুভব করতে শুরু করে দিয়েছেন। অ্যালবি খুল্লমখুল্লা বলছেন, ''আমরা একে অপরের সঙ্গে বিশেষ কথা বলি না। আমার মনে হয় আমাদের মা বেশি উদ্বিগ্ন। ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে কাকে সমর্থন করা উচিত, সেটা মনে হয় বুঝতে পারছেন না আমাদের মা।'' 

অ্যালবি মর্কেল মনে করেন, সুপার এইট থেকে শুরু হচ্ছে আসল বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা বেশ চ্যালেঞ্জিং গ্রুপে পড়েছে সুপার এইটে। সেই প্রসঙ্গ উল্লেখ করে অ্যালবি মর্কেল বলছেন, ''আমার মনে হয় বিশ্বকাপ এখন থেকেই শুরু হচ্ছে। যদিও আমাদের গ্রুপটা কঠিন। সামনেই অপেক্ষা করছে ভারত। সবক'টি ম্যাচই বেশ ভাল আর কঠিন হতে চলেছে।'' 

এদিকে, সুপার এইটের আগে ভারতীয় দলে ফের চিন্তার কালো মেঘ। অনুশীলনে চোট পেলেন মহম্মদ সিরাজ। শুক্রবার সন্ধেয় আমেদাবাদে অনুশীলনের সময় এই ঘটনা ঘটে। কাতরাতে কাতরাতে মাঠ থেকে বেরিয়ে যান হায়দরাবাদি পেসার।


প্রসঙ্গত, টি–২০ বিশ্বকাপ শুরুর আগেই চোট সমস্যায় ভুগছে টিম ইন্ডিয়া। অভিষেক শর্মা একটি ম্যাচ খেলেই হাসপাতালে ছুটেছিলেন। সুস্থ হয়ে মাঠে ফিরলেও রানে নেই। বুমরাও হালকা চোটের জন্য একটি ম্যাচ খেলেননি। ওয়াশিংটন চোট সারিয়ে দলে ঢুকলেও এখনও অবধি খেলেছেন একটি ম্যাচ। হর্ষিত রানা তো ছিটকেই গিয়েছেন। তাঁর বদলে দলে এসেছিলেন মহম্মদ সিরাজ।