আজকাল ওয়েবডেস্ক:‌ শূন্যের হ্যাটট্রিক। আমেরিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস ম্যাচে রানই করতে পারেননি অভিষেক শর্মা। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৫। অভিষেকের ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। এই পরিস্থিতি থেকে অভিষেক কীভাবে রানে ফিরতে পারেন, তা জানেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। কিন্তু এখন আর কিছু করার নেই বলে জানালেন তিনি।


ভারতকে সবচেয়ে চিন্তায় রেখেছে ওপেনার অভিষেক শর্মার ফর্ম। আইসিসি ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর টি–২০ ব্যাটারকে দেখে মনে হচ্ছে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। তবে কোটাকের মতে, এখন কিছু বদলাতে যাওয়া মুশকিল। তিনি বলেন, ‘‌অভিষেক তো আগে আইপিএলেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। ১৫ দিন সময় থাকলে না হয় কিছু করা যেত। কিন্তু দু’দিনের মধ্যে তো বেশি কিছু বদলানো যাবে না। যত বেশি বলা হবে, তত ওর মনে সন্দেহ তৈরি হবে। এটাই আমার কোচিং দর্শন।’‌


যদি বদলাতে হত, তাহলে কী বলতেন অভিষেককে? সেটাও জানেন কোটাক। ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘‌ওকে বলতাম, বল দেখে খেলতে। একটু সময় নিতে। শুধু অভিষেক নয়, যে কোনও ব্যাটার খারাপ ফর্মে থাকলে তাকে কম ঝুঁকি নিয়ে খেলতে বলা উচিত। তবেই সে রানে ফিরবে। কিন্তু এখন সেই সময় আর নেই।’‌ এর আগে বার বার দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচিং স্টাফরা বলছিলেন, অভিষেককে নিয়ে কোনও চিন্তা নেই তাঁদের। ভারতীয় ওপেনারের রানে ফেরা সময়ের অপেক্ষা। কিন্তু চতুর্থ ম্যাচেও ব্যর্থতার পর বয়ান বদলাল কোটাকের। তবে কি অভিষেককে নিয়ে হাল ছেড়ে দিল ভারত?


পরের দুই ম্যাচে দলকে চাপ সামলে খেলা ছাড়া আরও কোনও উপায় নেই বলেই জানিয়েছেন কোটাক। সেই বার্তাই অভিষেককে দিয়েছেন তিনি। কোটাক বলেন, ‘‌চাপ সামলাতে হবে। চাপ সামলেই ভাল খেলতে হবে। আর দুটো ম্যাচ বাকি। যদি এই পর্যায়ে এত বড় দলের ব্যাটার সেই চাপ সামলাতে না পারে, তো আর কবে পারবে? জানি একটা দিন খারাপ গিয়েছে। রোজ রোজ তা হবে না। আমাদের পরের দুটো ম্যাচে ভাল খেলতে হবে। জিততে হবে।’‌