আজকাল ওয়েবডেস্ক:‌ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল অভিষেক শর্মাকে। পেটের সংক্রমণের জন্য দু’‌দিন হাসপাতালে ভর্তি ছিলেন টিম ইন্ডিয়ার টি–২০ দলের এই ওপেনার। বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। 


বৃহস্পতিবার নামিবিয়া ম্যাচে নামবে ভারত। বুধবার খেলার আগে প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তিলক বর্মা। অভিষেকের নামিবিয়া ম্যাচ খেলা নিয়ে তিলক জানান, ‘‌অভিষেককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হাতে এখনও কিছুটা সময় আছে বৃহস্পতিবার ম্যাচের আগে। তাই অভিষেককে নিয়ে বুঝেসুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’‌


তিলকের কথায় স্পষ্ট, অভিষেক নামিবিয়া ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন এমনটা বলা হচ্ছে না। তবে পরিস্থিতি বিবেচনা করে ‘‌দুর্বল’‌ নামিবিয়া ম্যাচে নাও খেলানো হতে পারে তারকা ওপেনারকে।


টি–২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আমেরিকার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন অভিষেক। শারীরিক সমস্যা নিয়েই তিনি মাঠে নেমেছিলেন। তবে আমেরিকা ম্যাচে ফিল্ডিং করেননি। তাঁর পরিবর্তে ফিল্ডিং করেন সঞ্জু স্যামসন। এরপর দিল্লি পৌঁছনোর পর শারীরিক সমস্যা আরও বাড়ে অভিষেকের। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। 


স্বস্তির খবর এটাই যে অভিষেক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে নামিবিয়া ম্যাচ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। কারণ রবিবারই পাক ম্যাচ। ওই ম্যাচে যে অভিষেককে ভীষণই দরকার। কারণ তিনিই এই মুহূর্তে সেরা টি–২০ ব্যাটার।


এদিকে, টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন ডশকাটে অভিষেক প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘‌অভিষেকের পেটের সমস্যা চলছে। আশা করছি দু'দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। ওকে ম্যাচে পাওয়া যাবে।’‌


বোর্ডের এক সূত্র জানিয়েছিল, ‘‌পেটের সংক্রমণের জন্য দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিষেক শর্মাকে। কিছু পরীক্ষা করা হচ্ছে। ওকে কবে ছাড়া হবে সেটা এখনই জানা নেই। তবে এখনও পর্যন্ত নামিবিয়া ম্যাচে অনিশ্চিত।’‌
আর বুধবার জানা গেল হাসপাতাল থেকে ছাড়া হয়েছে অভিষেক শর্মাকে। এদিকে, টিম ইন্ডিয়ার শিবিরে যোগ দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। বুমরা ও সুন্দর মঙ্গলবার অনুশীলনও করেন। এবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেকও। 


এদিকে, টি–২০ আন্তর্জাতিকে ব্যাটার ও বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তী।