আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের কেন্দ্রীয় তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ভারতের টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে সি ক্যাটেগরিতে। 
নতুন কেন্দ্রীয় তালিকা অনুযায়ী, এ প্লাস ক্যাটেগরি তুলে দেওয়া হয়েছে। নতুন সিস্টেমে এ ক্যাটেগরি সর্বোচ্চ বলে বিবেচিত হবে। 

২০২৫-২৬ মরশুমে কেবল তিনজন ক্রিকেটারকে এলিট পর্যায়ে উত্তরণ ঘটানো হয়েছে জশপ্রীত বুমরাহ, ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল ও অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। 

অক্ষর প্যাটেল সাদা বলের ফরম্যাটে নিয়মিত মুখ। টেস্ট দলের সদস্যও তিনি। গ্রুপ বি থেকে গ্রুপ সি-তে নেমে গেলেন তিনি। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এহেন পদক্ষেপ কিন্তু মনে ধরেনি দেশের প্রাক্তন ক্রিকেটার  আকাশ চোপড়ার। প্রাক্তন ব্যাটার সোশ্যাল মিডিয়ায়  লিখেছেন ভারতীয় অলরাউন্ডারের সঙ্গে কাজটা ঠিক হল না। 

আকাশ চোপড়া বলেন, ''অক্ষর প্যাটেলকে আর কী করতে হবে? তিন ফরম্যাটের খেলোয়াড়। এক ফরম্যাটে সহ অধিনায়ক। তাঁকে কিনা গ্রেড সি? জাদেজা ও গিল যদি গ্রেড এ হতে পারে, তাহলে হার্দিক, রাহুল ও কুলদীপ নয় কেন? এমনকী অর্শদীপও গ্রেড সি-তে নেই।'' 

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, ''শুভমান গিল, রবীন্দ্র জাদেজার মতো দুই ফরম্যাটের ক্রিকেটাররা কীভাবে গ্রেড এ পেল?  হার্দিক ও রাহুল অবিচারের শিকার হল?''

আকাশ চোপড়ার মনে হয়েছে, অক্ষর প্যাটেলের সঙ্গে অবিচার করা হয়েছে। তিনি বলছেন, ''তিন জন খেলোয়াড়কে গ্রেড এ-তে রাখা হয়েছে। শুভমান গিল, জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। যদি দুই ফরম্যাটের খেলোয়াড় গিল ও জাদেজা গ্রেড এ-তে থাকতে পারে, তাহলে হার্দিক পাণ্ডিয়া বা লোকেশ রাহুল কী ক্ষতি করল? কুলদীপ যাদব তিনটি ফরম্যাটেই খেলে। অক্ষর প্যাটেল ভারতের টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক। ওয়ানডে খেলে। টেস্টেও ও দলে থাকে। তাকেই কিনা রাখা হল গ্রেড সি-তে। তিন ফরম্যাটের খেলোয়াড় হলেও মহম্মদ সিরাজ গ্রেড বি-তে। '' 

সব দিক দেখে আকাশ চোপড়ার মনে হয়েছে, অক্ষর প্যাটেলের গ্রেড এ-তে থাকা উচিত ছিল।