আজকাল ওয়েবডেস্ক: কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না পাকিস্তান শিবিরে। নামিবিয়ার বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ ছিল পাকিস্তানের। সেই ম্যাচ পাকিস্তান জিতলেও তাদের সাজঘরে লেগে গেল কোচ ও অধিনায়কের। মধ্যে। রাগের চোটে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা জলের বোতল ছুড়ে মারেন।
ভারতের কাছে ৬১ রানে হারের পরে নামিবিয়াকে ১০২ রানে হারায় পাকিস্তান। কিন্তু ম্যাচ জিতলেও পাকিস্তান শিবিরের উত্তপ্ত অবস্থার ছবি বেরিয়ে এল সর্বসমক্ষে।
টস জিতে সলমন আলি আঘা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সলমন আলি আঘা ২৩ বলে ৩৮ রান করে ফিরে যাওয়ার পরে যত সমস্যার সূত্রপাত।
টিভি ক্যামেরায় দেখা যায় আঘা ও মাইক হেসনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। হেসনের কথাবার্তা ভাল ভাবে নেননি পাক অধিনায়ক। তিনি অসন্তোষ প্রকাশ করতে থাকেন। তার পরে রাগের চোটে বোতল ছুড়ে মারেন। তা দেখে হেসন অবাক হয়ে যান। হেসন কিছু একটা বলেন আঘাকে। তাতে পাক অধিনায়ক মাথা নাড়তে থাকেন। বাবর আজমকেও দেখা যায় সেই সময়ে। তিনি অবশ্য কোনও মন্তব্য করেননি। কেবল দুষ্টুমিতে ভরা দুচোখ দিয়ে দেখছিলেন কোচ ও অধিনায়কের মধ্যে ঝগড়া।
এদিকে, সুপার এইটে চলে গেল পাকিস্তান। নামিবিয়াকে হারাল ১০২ রানে। সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল সুপার এইটে কারা কারা খেলবে। সাত দল আগেই ঠিক হয়ে গিয়েছিল। বাকি ছিল একটি দল। বুধবার নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের টিকিট জোগাড় করে নিলেন সলমন আলি আঘারা। সুপার এইটে একদিকে থাকছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। অন্য গ্রুপে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
নামিবিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলেছিল ১৯৯/৩। শতরান করেন ওপেনার শাহিবজাদা ফারহান। তিনি ৫৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন। ইনিংসে ছিল ১১টি চার ও চারটি ছয়। অধিনায়ক সলমন আঘা করেন ৩৮। শাদাব খান অপরাজিত থাকেন ৩৬ রানে। বাবর দলে থাকলেও তাঁকে ব্যাট করতে নামানো হয়নি।
জবাবে নামিবিয়ার ইনিংস শেষ হয়ে গেল ৯৭ রানে। ব্যাটের পাশাপাশি বল হাতেও সফল শাদাব খান। নিয়েছেন তিন উইকেট। আর উসমান তারিকের দখলে চার উইকেট। শ্রীলঙ্কার পর এই গ্রুপ থেকে সুপার এইটে গেল পাকিস্তান।
