আজকাল ওয়েবডেস্ক: ওয়েক আপ কল। আমেরিকার বিরুদ্ধে। বিপর্যয়ের মধ্যে পড়েও ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। অধিনায়ক সূর্যকুমার যাদবের ইনিংস মান বাঁচায় গত বারের চ্যাম্পিয়নদের। বৃহস্পতিবার প্রতিপক্ষ নামিবিয়া। তার আগে অধিনায়কের দরাজ প্রশংসা কোচ গৌতম গম্ভীরের মুখে। সূর্য তাঁর কাজ কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন গম্ভীর।
টি–২০ বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ‘সূর্য অসাধারণ অধিনায়ক। ও কেমন ব্যাট করে, কী ধরনের শট খেলে, মাঠে ওর ভূমিকা কেমন থাকে–এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। সূর্য সতীর্থদের সঙ্গে যেভাবে মেশে, সময় কাটায়, কথা বলে সেগুলোই আসল আমার কাছে। সূর্য দুর্দান্ত নেতা। চাপের সময়ও স্বাভাবিক থাকতে পারে।’
গম্ভীর আরও বলেছেন, ‘একজন কোচকে নানা বিষয় নিয়ে ভাবতে হয়। কোচের অন্যতম কাজ দলের পরিবেশ ঠিক রাখা। শান্তিপূর্ণ দল নিয়ে কাজ করা যে কোনও কোচের স্বপ্ন। এই ক্ষেত্রে সূর্য আমার কাজ অনেক কমিয়ে দিয়েছে। অধিনায়ক হিসাবে প্রতিটি দায়িত্ব ঠিকভাবে পালন করে আমার জীবন সহজ করে দিয়েছে। ওর মতো কেউ জাতীয় দলের নেতৃত্বে থাকলে দারুণ হয়। সূর্যের মনঃসংযোগের সমস্যা নেই। সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে চাপের সময়।’
সূর্যের দল পরিচালনায় খুশি গম্ভীর। ক্রিকেটারদের সঙ্গে সহজভাবে মিশে অনেক কিছু সামলে দেন। ছোট খাট বিষয় নিয়ে কোচের কাছেও যান না। যা কোচ গম্ভীরের ‘ম্যান ম্যানেজমেন্ট’–এর চাপ অনেক কমিয়ে দিয়েছে। এমনটাই মনে করেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর।
