আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে অক্ষর প্যাটেলকে বাদ দেওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তাঁর বদলে খেলা ওয়াশিংটন সুন্দর ব্যাট এবং বলে নজর কাড়তে পারেনি। বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ভারতের। সুনীল গাভাসকর স্পষ্ট জানিয়ে দিলেন, জিম্বাবোয়ের বিরুদ্ধে দলে ফেরা উচিত অক্ষর প্যাটেলের। তার বদলে অর্শদীপ সিংকে বাদ দেওয়ার পরামর্শ দেন কিংবদন্তি। সুনীল গাভাসকর বলেন, 'আমি চাই অক্ষর প্যাটেল দলে ফিরুক। জিম্বাবোয়ে দলে খুব বেশি বাঁ হাতি ব্যাটার নেই। অর্শদীপ সিংয়ের জায়গায় ওকে খেলানো যেতে পারে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও খুব ভাল বল করেছে। এমন ছন্দে থাকা একজনকে বসাতে নাও চাইতে পারে টিম ম্যানেজমেন্ট। তাই একই দল রাখা হতে পারে।' 

ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে এবং ব্যাটিং কোচ সিতাংশু কোটাক দাবি করেন, পুরোটাই ট্যাকটিক্যাল পরিবর্তন। দুশখাতে বলেন, 'গত দু'দিন ধরে আমরা প্রথম একাদশ বেছে নেওয়া নিয়ে প্রচুর ভাবনা-চিন্তা করেছি। আমরা ম্যাচ আপের চেষ্টা করেছি। এখন হয়ত মনে হচ্ছে, অক্ষরকে খেলালে ভাল হত। তবে সেই সময় অষ্টম ব্যাটার হিসেবে আমাদের রিঙ্কুকে দরকার ছিল। সেইভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারমানে এই নয় যে দলে অক্ষরের গুরুত্ব কমে গিয়েছে।' প্রসঙ্গত, ভারতের অপ্রত্যাশিত হারের পর অক্ষরকে বাদ দেওয়া নিয়ে চর্চা চলছে। এই বিষয়ে টিম ম্যানেজমেন্টকে একহাত নেন অজিঙ্ক রাহানেও। তিনি বলেন, 'অক্ষর না খেলায় আমি অবাক। আমি বুঝতে পারছি না কী হচ্ছে। ওয়াশিংটন সুন্দর ভাল প্লেয়ার। কেউ ওর বিরুদ্ধে নয়। কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে অক্ষর ভাল খেলছে। আমার কখনও কখনও মনে হয়, দল নির্বাচন নিয়ে বেশি ভাবনাচিন্তা করলে তার বিপরীত হতে পারে। দক্ষিণ আফ্রিকা দলে একাধিক বাঁ হাতি ছিল। কিন্তু ও মাত্র দু'ওভার বল করেছে।' যেভাবে সমালোচনা চলছে, জিম্বাবোয়ে ম্যাচে ফিরবেনই অক্ষর।