আজকাল ওয়েবডেস্ক: ম্যাচ আপ নয়, বিশ্বকাপে টিকে থাকতে হলে সেরা একাদশ নামাক ভারত। জিম্বাবোয়ে ম্যাচের আগে হুঁশিয়ারি রিকি পন্টিংয়ের। টিম ম্যানেজমেন্টকে পরিস্থিতি জটিল না করার পরামর্শ দেন। পন্টিং বলেন, 'ধারাভাষ্যকারদের থেকে জানতে পারলাম দক্ষিণ আফ্রিকায় কয়েকজন বাঁ হাতি ব্যাটার রয়েছে বলে অক্ষরের বদলে ওয়াশিংটনকে খেলানো হয়। কিন্তু দলে ডান হাতিরাও ছিল। অক্ষরকে সঠিক সময় ব্যবহার করা একজন অধিনায়কের দায়িত্ব।' ভারতীয় পিচে স্পিন প্রধান ভূমিকা নেয়। সেই অবস্থায় অক্ষরকে বাদ দেওয়ায় ভ্রু কুঁচকে যায় ক্রিকেট পণ্ডিতদের। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মনে করেন, ট্যাকটিক্যাল ম্যাচ আপ প্রক্রিয়ার থেকে দলের ভারসাম্য গুরুত্বপূর্ণ।
পন্টিং বলেন, 'আমি হলে অভিধানে ফিরে যাব। আমি নিজেদের লাইন আপ নিয়ে ভাবব। চেন্নাইয়ে সেরা একাদশ কী হতে পারে সেই নিয়ে ভাবব।' কুলদীপ যাদবকে দলে ফেরানোর আর্জি পন্টিংয়ের। তিনি মনে করেন, ম্যাচ আপ বাদ দিলেও, যেকোনো পরিস্থিতিতে ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন চায়নাম্যান। পন্টিং বলেন, 'আমি কুলদীপ যাদবকে প্রথম একাদশে দেখতে চাই। এক্ষেত্রে বাঁ হাতি, ডান হাতি কোনও ব্যাপার না। ওকে খেলানো উচিত।' পন্টিংয়ের সঙ্গে একমত রবি শাস্ত্রী। জানান, এই জায়গায় অভিজ্ঞতা এবং বোলিং গভীরতা দরকার। অক্ষরকে ফেরানোর পক্ষে ভারতের প্রাক্তন কোচ। শাস্ত্রী বলেন, 'অক্ষরকে দলে ফেরাতে হবে। অভিজ্ঞতা দরকার। বোলিংয়ে একটা বাড়তি বিকল্প থাকছে না। যা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ।' সেরা প্রথম একাদশ বেছে নিয়ে সরাসরি জেতা ছাড়া কোনও বিকল্প নেই ভারতের সামনে।
