আজকাল ওয়েবডেস্ক: নাটকীয় ইউ টার্ন নিতে পারে পাকিস্তান। শেষপর্যন্ত বয়কট থেকে সরে এসে ভারতের বিরুদ্ধে খেলতে পারে পাকিস্তান। রবিবারের বৈঠকের পর তেমন সম্ভাবনা ক্রমশ বাড়ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়, বিশ্বকাপ খেললেও, ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। কিন্তু রবিবার লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির বৈঠকের পর পরিস্থিতি ঘুরে গিয়েছে। আবার নতুন করে ভাবনা-চিন্তা শুরু হয়েছে। ভারত ম্যাচ বয়কট নিয়ে পিসিবিকে কড়া বার্তা দেয় সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড। 

পিসিবিকে ইমেল করেছে আমিরশাহি ক্রিকেট বোর্ড। ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে। আর্থিক ক্ষতির কথাও তুলে ধরা হয়। পিসিবিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, 'সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডের সঙ্গে বরাবরই পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভাল। অতীতে তোমাদের আমরা ভেন্যু দিয়েছি। আমাদের দেশে তোমাদের টুর্নামেন্ট আয়োজন করেছি। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত ক্রিকেটকে আঘাত করবে। সদস্য দেশগুলোও ধাক্কা খাবে। অ্যাসোসিয়েট দেশগুলো বড় আর্থিক ক্ষতির মধ্যে পড়বে। পরিবারের সদস্য হিসেবে আমরা পিসিবিকে অনুরোধ করব বিষয়টা আরও একবার ভেবে দেখার এবং একটা সমাধান বের করার।' 

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজার পাশাপাশি এমিরেটস ক্রিকেট বোর্ডের সচিব মুবাশির উসমানিকে মধ্যস্থতার দায়িত্ব দিয়েছে আইসিসি। লাহোরে রবিবারের বৈঠকে দু'জনেই উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম এবং আইসিসির আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী, তিন পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। এবার পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবারই প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আরও একবার আলোচনায় বসবেন মহসিন নাকভি। সেই বৈঠকেই ভারত-পাকিস্তান ম্যাচের দেওয়াল লিখন হবে। আশা করা যাচ্ছে, কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবে পাকিস্তান।