আজকাল ওয়েবডেস্ক: জাতীয় দলের দরজা খুলতে আর কী কী করতে হবে মহম্মদ সামিকে?
নির্বাচকরা বলছেন, সামির ফিটনেসে সমস্যা রয়েছে। অথচ বঙ্গপেসার ঘরোয়া ক্রিকেটে নিজেকে নিংড়ে দিচ্ছেন, ঘামে ঝরাচ্ছেন, উইকেট নিচ্ছেন। রঞ্জির সেমিফাইনালে সামি আটটি উইকেট নিয়েছেন। তাঁর কোচ বদরুদ্দিন সিদ্দিকি মনে করছেন, নির্বাচকরা হয়তো ভুলে গিয়েছেন সামিকে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বদরুদ্দিন বলেছেন, ''আমারও মনে হচ্ছে নির্বাচকরা হয়তো সামিকে ভুলেই গিয়েছেন।''
সামির আগুনে বোলিংয়ের জন্যই বাংলা ২৬ রানের লিড নিয়েছিল। ৯০ রানে আটটি উইকেট নিয়েছিলেন সামি। নির্বাচকরা তাঁকে দলে নিচ্ছেন না। সামি মুখে উত্তর না দিয়ে বলকে কথা বলাচ্ছেন।
বদরুদ্দিন বলছেন, ''সামির জন্য ব্যাপারটা কঠিন। আমার জন্যও খুব কঠিন। পারফরম্যান্স থাকলেও জাতীয় দলে ঢুকতে পারছে না সামি। পারফরম্যান্স দেখানো ছাড়া আর কীইবা করতে পারে ও। এর বাইরে আমি আর কী বলতে পারি? আট উইকেটের পাশাপাশি ২০ ওভার বল করেছে। ফলে ফিটনেস কোনও সমস্যা নয়।''
চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় দলের হয়ে আর খেলেননি সামি। তাঁর মতো বোলারের বিকল্প খুঁজে পায়নি ভারত। কেন যে সামি দলের বাইরে বসে আছেন, সেটাই বুঝে উঠতে পারছেন না বদরুদ্দিন। তিনি বলছেন, ''ভারতীয় দলে এই মুহূর্তে সামির বিকল্প নেই। ওর মতো কোনও বোলার পেলে না হয় বুঝতাম। ঘরের মাঠে আমরা টেস্ট ম্যাচ হারছি। এর পরেও লাল বলের মাস্টার বোলার সামিকে বসিয়ে রেখেছে। আমরা দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছি, হেরেছি নিউ জিল্যান্ডের কাছেও। আমি ওকে বলেছি, তুই পারফরম্যান্স করে যা। কতদিন ওরা তোকে নেবে না। একটা সময় নিতেই হবে।''
