আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের হেড কোচ গৌতম গম্ভীরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ট্রফি নিয়ে মাঠে এসেছিলেন ধোনি। তারপর ভিভিআইপি বক্স থেকে ম্যাচও দেখেন। ম্যাচের পর প্রাক্তন অধিনায়কের ইনস্টাগ্রাম পোস্ট রীতিমত ভাইরাল হয়ে যায়।
এবার ধোনির সেই প্রশংসার জবাবও দিলেন গম্ভীর নিজেই। ধোনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন। কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারতের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই দীর্ঘদিনের নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে পোস্ট করেন এমএস।
ফাইনাল চলাকালীন তাঁকে ভিভিআইপি বক্সে রোহিত শর্মা ও জয় শাহের সঙ্গে দেখা গিয়েছিল। নিজের ইনস্টাগ্রাম পোস্টে ধোনি গম্ভীরের হাসির প্রশংসা করেন।
লেখেন, ‘হাসলে কোচ সাবকে ভালই দেখতে লাগে।' এমনকী, গম্ভীরের ম্যানেজমেন্টের তীব্রতা ও নেতৃত্বের গুণেরও উল্লেখ করেন। ধোনির এই আবেগঘন বার্তা খুব দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ধোনির সেই পোস্টের মন্তব্যে কৃতজ্ঞতা জানিয়েছেন গৌতম গম্ভীরও। পোস্টের জবাব দিয়ে তিনি লেখেন, ‘হাসার জন্য এর চেয়ে ভাল কারণ আর কী হতে পারে! তোমাকে দেখে ভাল লাগল।’
গৌতম গম্ভীর এবং এমএস ধোনি দীর্ঘদিনের সতীর্থ। ২০০৭ এবং ২০১১ সালে ধোনির নেতৃত্বেই টি-টোয়েন্টি এং ওডিআই বিশ্বকাপ জেতে ভারত। দুটি ফাইনালেই ম্যাচ উইনিং ইনিংস খেলেন জিজি।
সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ধোনি ও গম্ভীরের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়ালেও বাস্তবে দু’জনেই বারবার সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন।
বিভিন্ন সময়ে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের মাধ্যমেই তারা সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সূর্যকুমারদের ফাইনাল জয়ের পর ধোনি এবং গম্ভীরের এই কথোপকথন সেটাই আরও একবার প্রমাণ করে দিল।
