আজকাল ওয়েবডেস্ক: গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে নিমন্ত্রণে যোগ দিলেন গৌতম গম্ভীর। বৃহস্পতিবার শেষ চারে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। তার আগের দিন ছিল অর্জন তেন্ডুলকরের বিয়ে। সেই বিয়ের অনুষ্ঠানে দেখা যায় টিম ইন্ডিয়ার হেড কোচকে। ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায় গম্ভীরকে। হাইভোল্টেজ নক আউট ম্যাচের আগে নজর কাড়েন‌ গৌতি। বুধবার সন্ধেয় ওয়াংখেড়েতে প্রাক ম্যাচ চূড়ান্ত প্রস্তুতি ছিল টিম ইন্ডিয়ার। অনুশীলন শেষে শচীনপুত্রের বিয়েতে যোগ দেন। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের কয়েকজন সদস্যও বিয়েতে আমন্ত্রিত ছিল। তাঁদেরও দেখা যায়। মুম্বইয়ে ভারতীয় দল যে হোটেলে আছে, সেখানেই ছিল অর্জন তেন্ডুলকরের বিয়ের অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেলিব্রিটিরা যোগ দেয়। 

ইডেনে সুপার এইটের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুতে বিপাকে পড়ে যায় ভারত। কিন্তু চ্যালেঞ্জ অতিক্রম করে শেষমেষ সেমিফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে। ছিটকে দেয় দু'বারের বিজয়ীদের।‌ সেমিফাইনাল খেলতে ভারতীয় দল মুম্বইয়ে যে হোটেলে রয়েছে, একই জায়গায় অনুষ্ঠান হওয়ায় কিছুক্ষণের জন্য যোগ দেন গম্ভীর। আগস্টে সানিয়া চান্ডোকের সঙ্গে বাগদান হয় অর্জুনের। প্রখ্যাত শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি শচীনের ছেলের বউ। দীর্ঘ বছর ধরে তেন্ডুলকর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সানিয়ার। বিশেষ করে সারার সঙ্গে। 

বিয়ে সারার পর আবার আইপিএলে মনোনিবেশ করবেন অর্জুন। এখনও পর্যন্ত কোটিপতি লিগে কয়েকটি ম্যাচ খেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেন। ৩ উইকেট নেন। ঘরোয়া ক্রিকেটে গোয়ার প্রতিনিধিত্ব করেন অর্জুন। ২০২১ সালে মুম্বই দলের হয়ে অভিষেক করেন। কিন্তু তারকাঠাসা দলে জায়গা হয় না অর্জুনের। তাই রাজ্য বদলে গোয়ায় যোগ দেন। তাতে নিয়মিত খেলার সুযোগ মেলে। এবার আইপিএলের নিলামে মুম্বই ইন্ডিয়ান্স থেকে লখনউ সুপার জায়ান্টসে যোগ দেন অর্জুন। এই প্রথম মুম্বইয়ের বাইরে আইপিএলে খেলবেন শচীন পুত্র।