আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে পতন জিম্বাবোয়ে ম্যাচে নামার আগেই ভারতীয় ক্রিকেটারদের চার্জড আপ করে দেবে। কিন্তু আফ্রিকার দেশকে হালকাভাবে না নেওয়ায় পরামর্শ দেন অনিল কুম্বলে। স্বাভাবিক, আগ্রাসী ব্র্যান্ড অফ ক্রিকেট খেলার পরামর্শ দেন ভারতের প্রাক্তন তারকা। কুম্বলে বলেন, 'ভারতকে নিজেদের স্বাভাবিক এবং আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। তবে জিম্বাবোয়ে কঠিন প্রতিপক্ষ। ওদের সম্মান করতে হবে। ওরা কয়েকটা ম্যাচে ভাল খেলেছে। অস্ট্রেলিয়াকে হারিয়েছে। শ্রীলঙ্কার মাটিতে ওদের বিরুদ্ধে ১৭৯ রান তাড়া করে জিতেছে। অস্ট্রেলিয়াকে হারিয়েছে। প্রথম চার ব্যাটার দারুণ ফর্মে আছে। ব্লেসিং মুজারাবানি এবং ব্র্যাড ইভান্স বল হাতে দারুণ ছন্দে। বিশেষ করে পাওয়ার প্লেতে।' 

চলতি টি-২০ বিশ্বকাপে স্বপ্নের দৌড় চলছিল জিম্বাবোয়ের। গ্রুপ পর্বে অপরাজিত থাকে। সুপার এইটের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ধাক্কা খায়। রানরেটে ভারতের থেকেও পিছিয়ে যায়। শেষ চারে যেতে হলে ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে জিম্বাবোয়েকে। যা কার্যত অসম্ভব। তবে সতর্কবার্তা দিয়ে রাখলেন কিংবদন্তি। কুম্বলে বলেন, 'ওদের হালকাভাবে নেওয়া উচিত না। ভারতের সেরা খেলাটা খেলতে হবে। কেউ রান পেলে তাঁকে শেষপর্যন্ত থাকতে হবে। পরের ব্যাটার ভাল খেলবে সেটা ভেবে নেওয়া যাবে না। টি-২০ বিশ্বকাপে যদি, কিন্তু বলে কিছু হয় না। মাঠে নেমে পারফর্ম করতে হয়। আশা করব রেজাল্ট ভারতের পক্ষে যাবে। কিন্তু ভারতের নিজেদের ওপর ফোকাস করা উচিত।' জিম্বাবোয়েকে বড় রানে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে মরিয়া ভারত।