আজকাল ওয়েবডেস্ক: আরও একটি আইসিসি ফাইনালে নিউজিল্যান্ড। রবিবার আহমেদাবাদে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে মিচেল স্যান্টনাররা‌। ভারতের বিরুদ্ধে কিউয়িদের রেকর্ড ভাল। কিন্তু আইসিসি ট্রফিতে উলাটপূরাণ। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে ইতিহাস তাঁদের দিকে নেই। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্বে বিদায় নেওয়ার একাধিক নিদর্শন রয়েছে। ডেল স্টেইন মনে করেন, 'চোকার্স' ট্যাগ নিউজিল্যান্ডের জন্যই সবচেয়ে উপযুক্ত। ইউ টিউবে এবি ডি'ভিলিয়ার্সের সঙ্গে আড্ডায় নিউজিল্যান্ডকে খোঁচা স্টেইনের। প্রাক্তন প্রোটিয়া পেসার চ্যালেঞ্জ ছুড়ে দেন। জানান, ভারতকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জেতা উচিত নিউজিল্যান্ডের। নয়ত সরকারিভাবে কিউয়িদের গায়ে 'চোকার্স' তকমা সেঁটে দেবেন। 

স্টেইন বলেন, 'আমাদের সত্যিটা মানতেই হবে। সবাই দক্ষিণ আফ্রিকাকে চোকার্স ভাবতে পছন্দ করে। কিন্তু আমি মনে করি, নিউজিল্যান্ডও তাই। ওরা বিশেষ কোনও আইসিসি ট্রফি জেতেনি। খুব বেশি বিশ্বকাপও জেতেনি। কিন্তু ওরা আমাদের থেকেও বেশিবার ফাইনাল খেলেছে। নিউজিল্যান্ডের উচিত এবার বিশ্বকাপ জেতা। সেটা না হলে চোকার্স তকমা এবার আমি ওদের দেব। এই তকমা তোমাদেরই। আমি নিউজিল্যান্ডের সমর্থনে, কিন্তু ওরা ভারতকে হারাতেই পারবে না। সেটা হতে গেলে ভারতকে মারাত্মকভাবে খারাপ খেলতে হবে। আমি চাই নিউজিল্যান্ড জিতুক। কিন্তু আমি কি মনে করছি ওরা ভারতকে হারাবে? মোটেই না। ২০০০ সালে আইসিসি নকআউট ট্রফি জেতার পর আটবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। কিন্তু মাত্র একবার জেতে। ২০২১ সালে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতে নিউজিল্যান্ড। 

স্টেইনের সঙ্গে সহমত এবি ডি'ভিলিয়ার্স। তিনিও মনে করেন, স্যান্টনারদের ভারতকে হারানোর ক্ষমতা নেই। ডি'ভিলিয়ার্স বলেন, '২০১৫ সালের ফাইনালে নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব ছিল। কিন্তু সেই সময় অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে একমাত্র দক্ষিণ আফ্রিকাই হারাতে পারত। এবার আবার ভারতের মাটিতে ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দলকে সম্মান করেই বলছি, ওদের ভারতকে হারানো সম্ভব নয়। যদি ওরা বিশ্বকাপ জিতে যায়, তাহলে আমাকে আর ডেলকে মেরে ফেলবে এমন মন্তব্য করার জন্য।' আন্ডারডগ তকমা নিয়েই বিগ ফাইনালে নামবে নিউজিল্যান্ড।