আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে পড়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো।
বর্তমানে ইংল্যান্ড লায়ন্স দলের সঙ্গে দুবাই এবং আবুধাবিতে রয়েছেন বেয়ারস্টো। বর্তমান পরিস্থিতিতে সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় জরুরি আবেদন জানিয়েছেন তিনি।
ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের অধীনে কোচিং স্টাফ হিসেবে ইংল্যান্ড লায়ন্স দলের সঙ্গে আবুধাবি সফরে রয়েছেন বেয়ারস্টো। রবিবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার পর তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দুবাইয়ের পরিস্থিতি সম্পর্কে যদি কারও কাছে কোনও তথ্য থাকে, দয়া করে যোগাযোগ করুন। সবাই নিরাপদে থাকুন।’
পরবর্তী পোস্টে তিনি বিষয়টি সরাসরি ব্রিটিশ সরকারের সর্বোচ্চ স্তরে তুলে ধরেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহিতে ব্রিটেনের দূতাবাসকে ট্যাগ করে বেয়ারস্টো লেখেন, ‘দুবাই সম্পর্কে কারও কাছে যদি কোনও তথ্য থাকে, অনুগ্রহ করে যোগাযোগ করুন। নিরাপদে থাকুন।’
এছাড়া বর্তমান পরিস্থিতিতে দলের ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় বিমান সংস্থার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন বেয়ারস্টো। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমাদের ফ্লাইট বাতিল হওয়ার পর থেকে কোনও যোগাযোগ করা হয়নি। আমরা চেষ্টা করেছি, কিন্তু কোনও উত্তর পাইনি। কেউ কি দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন?’
উল্লেখ্য, ইংল্যান্ড লায়ন্স দলের ২৫ জন সদস্য যার মধ্যে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ রয়েছেন। তাঁদের রবিবার দুবাইয়ে পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ছিল।
তবে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সেই ম্যাচ বাতিল করা হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর পরিস্থিতি ভয়াবহ আকার নেয়।
ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরান ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
দুবাই ও দোহার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির আকাশপথ বন্ধ থাকায় ইংল্যান্ড লায়ন্স দল ও কোচিং স্টাফ দেশ ছাড়তে পারছেন না।
এদিকে ইংল্যান্ডে থাকা খেলোয়াড়দের পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে ইসিবি জানিয়েছে, তারা পুরো বিষয়টির দিকে নজর রাখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘আমাদের দল ও স্টাফদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সরকারি নির্দেশিকা অনুসরণ করছি।’
অন্যদিকে, এই পরিস্থিতিতে রবিবার ইংল্যান্ড লায়ন্স ও পাকিস্তান শাহিনসের দ্বিতীয় ৫০ ওভারের ম্যাচও অনুষ্ঠিত হবে না বলে নিশ্চিত করেছিল বোর্ড।
