আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান বিধ্বস্ত হওয়ার পরে পাকিস্তান টিভিতে লাইভ অনুষ্ঠানের সময়ে লেগে গেল দুই প্রাক্তন পাক ক্রিকেটারের মধ্যেই। 

প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ হাফিজ ও সাকলিন মুস্তাকের মধ্যে লেগে গেল সবার সামনে। কলম্বোয় ভারত ৬১ রানে হারিয়েছে পাকিস্তানকে। 

এদিকে পাকিস্তান টিভিতে আলোচনায় উপস্থিত ছিলেন সাকলিন ও হাফিজ। হাফিজ ক্রিকেটারদের দোষী সাব্যস্ত করছেন। অন্যদিকে সাকলিন কাঠগড়ায় তুলছেন সাপোর্ট স্টাফকে। 

হাফিজ প্রশ্ন করে বসেন সাকলিনকে, ''তোমার পরে ম্যানেজমেন্টের ছ'জন বদল হয়েছে। কিন্তু প্লেয়াররা তো একই রয়ে গিয়েছে। কতজন লোক নিজেদের ভূমিকা সম্পর্কে স্পষ্ট বার্তা দেবে?'' 

উত্তরে সাকলিন বলেন, ''দেখ হাফিজ, আমি বুঝতে পারি যে যখন সাপোর্ট স্টাফ পরিবর্তিত হয়, তখন আমাদের সংস্কৃতিতে সিনিয়রদের কথা শুনতে অভ্যস্ত। তোমার থেকে যারা বড় তাদের সম্মান করতে হবে। তারপরে যদি বুঝতে পার, কেউ তা মানছে না, তাহলে ট্যাগ দিয়ে দেওয়া হয়।'' সাকলিনের এহেন উত্তর শোনার পরে হাফিজ তর্ক জুড়ে দেন, ''ছেলেরা ইতিমধ্যেই পাকিস্তানের হয়ে ১০০টিরও বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। আমি ছ'জন এমন খেলোয়াড় দেখাতে পারি যারা প্রত্যেকে ১০০টি করে ম্যাচ খেলে ফেলেছে। এটাই আমাদের মূল কথা, তাই না? ভূমিকা দিয়ে কিছু হবে না। ওরা ঠিকঠাক নিজেদের কাজ করছে না। নিজেদের দক্ষতাকে শাণিত করতে পারেনি।''

সাকলিন বলে ওঠেন, ''প্রথম ন'ওভারে তুমি দু'বার বলেছিলে যে পাকিস্তান যেভাবে খেলেছে, ভারত আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে। তুমি একজন প্রধান কোচ হিসেবে কাজ করেছো, ক্রিকেট পরিচালক এবং অধিনায়ক। তুমি কি বলবে যে ম্যাচটি সেই ন'ওভারেই হেরে গিয়েছে? তুমি কি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পার, নাকি পরে ভাববে?'' 

ভারত প্রথম থেকেই ম্যাচের উপরে আধিপত্য বিস্তার করেছিল। পাকিস্তান হারতেই কিন্তু দুই প্রাক্তন ক্রিকেটারের মধ্যে লেগে গেল লাইভ টিভিতে।