আজকাল ওয়েবডেস্ক:‌ মার্চের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন সঞ্জু স্যামসন। টি–২০ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের এই স্বীকৃতি দিল আইসিসি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন স্যামসন। 


এটা ঘটনা, টুর্নামেন্টের শুরুর দিকে সুযোগ পাননি সঞ্জু। তারপর প্রথম একাদশে জায়গা পান। আর তাতেই করেন বাজিমাত। এই খেতাব পাওয়ার পর স্যামসন বলেছেন, ‘‌আইসিসির সেরা ক্রিকেটারের খেতাব পাওয়াটা সত্যিই অসাধারণ অনুভূতি। টি–২০ বিশ্বকাপ জয়ে আমারও একটা ছোট্ট অবদান ছিল। সেই জয়ের অংশ হতে পেরে গর্বিত।’‌ সঞ্জু আরও যোগ করেছেন, ‘‌ভারতীয় ক্রিকেটের জন্য সময়টা সত্যিই দারুণ যাচ্ছে। দলে অসাধারণ সব প্রতিভা রয়েছে। দলের সাপোর্ট স্টাফ থেকে সতীর্থরা আমার উপর ভরসা রেখেছেন। তার জন্য কৃতজ্ঞ। এটাই আমাকে সেরাটা দিতে সাহায্য করেছে।’‌


টি–২০ বিশ্বকাপে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৯৭ করেছিলেন স্যামসন। মাত্র তিন রানের জন্য শতরান পাননি। এরপর সেমিফাইনালে করেন ৮৯। ফাইনালেও করেন ৮৯। টুর্নামেন্টে রান ২৭৫। 


এদিকে মার্চের সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের মেলি কের।  

এদিকে, সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব এবার প্রশ্নের মুখে। তার কারণ তিনি রানের মধ্যে নেই। টি–২০ বিশ্বকাপেও ব্যাট হাতে ভরসা দিতে পারেননি ভারত অধিনায়ক। একটাই মাত্র ছিল অর্ধশতরান। 


দল চ্যাম্পিয়ন হওয়ায় এইসব প্রশ্ন খুব একটা ওঠেনি। তবে বিষয়টা কিন্তু নির্বাচকদের নজরে রয়েছে। আইপিএলেও যে তিনি রানের মধ্যে আছেন এমনটা নয়। 

প্রশ্ন হচ্ছে ২০২৮ অলিম্পিকে টিম ইন্ডিয়ার দলে সূর্য থাকবেন কিনা। থাকলেও অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। অলিম্পিকে টি–২০ ফর্মাটেই হবে ক্রিকেট। এই অবস্থায় জুন–জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি–২০ সিরিজ সূর্যর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যেখানে অধিনায়ক থেকে ব্যাটার সূর্যর দিকে নজর থাকবে বেশি। এই দুই সিরিজই নির্ধারণ করে দেবে ২০২৮ অলিম্পিক বা টি–২০ বিশ্বকাপের দলে সূর্য থাকবেন কিনা।