আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার ভারত পাকিস্তানকে ছ’উইকেটে পরাজিত করেছে। কিন্তু এই জয়ের পরেও বিশ্বকাপ সেমিফাইনালের ভাগ্য ঝুলে রয়েছে ভারতের। বর্তমানে টেবিলের যা পরিস্থিতি তাতে ভারত তাদের বাকি সব ম্যাচ জিতলেও সেমিফাইনালে স্থান নিশ্চিত হচ্ছে না। এর মূল কারণ হল স্মৃতি মান্ধানাদের রান রেট। বর্তমানে ভারতীয় মহিলা দলের নেট রান রেট মাইনাস ১.২১৭।

 

 

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানের বিশাল পরাজয়ের ফলেই রান রেটে অনেকটা পিছিয়ে রয়েছে ভারতীয় দল। তবে আশা এখনও শেষ হয়ে যায়নি। ভারতের সেমিফাইনাল ভাগ্য অনেকটাই নির্ভর করছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের হাতে। মঙ্গলবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড গ্রুপ এ-এর ম্যাচে শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে। অ্যালিসা হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার নেট রান রেট বর্তমানে প্লাস ১.৯০৮। নিউজিল্যান্ডের নেট রান রেট +২.৯০০। হরমানপ্রীত কৌরের দলের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

 

 

ধরা যাক শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে প্রত্যেকটি দলই হারিয়েছে। সেই পরিস্থিতিতে যদি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৮। এবার ভারত যদি অস্ট্রেলিয়াকে পরাজিত করে, তবে শেষ করবে ভারত ৬ পয়েন্ট নিয়ে (৪ ম্যাচে ৩ জয়)। সেক্ষেত্রে সরাসরি সেমিফাইনালে চলে যাবে তারা। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারালে এবং ভারত অস্ট্রেলিয়াকে হারালে তখন তিন দলেরই পয়েন্ট হবে ছয়। তখন হিসাব করা হবে নেট রান রেট। ফলে, অস্ট্রেলিয়াকে ভারতের হারাতে হবে বড় ব্যবধানে।