আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত। সংখ্যাটা ৪০ জন। খেলতে দেখা যাবে টি–২০ বিশ্বকাপে।
টিম ইন্ডিয়ার হয়ে তো বিশ্বকাপে খেলবেন ১৫ জন। কিন্তু বিশ্বকাপে দেখা যাবে অন্তত ৪০ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারকে।
এবারের বিশ্বকাপে ভারত সহ খেলছে ২০ দেশ। যার মধ্যে ৯ দেশে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা। সেই সংখ্যাটা কিন্তু কম নয়। এই তালিকায় সবার উপরে আছে কানাডা। সেদেশের জার্সিতে নামবেন ১১ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। এছাড়া আমেরিকায় ৯, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহিতে আছেন ৭ জন করে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। এছাড়া নিউজিল্যান্ডের ঈশ সোধি, রাচীন রবীন্দ্র বা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজরা পরিচিত মুখ। কারও পরিবার অনেক আগেই ভিনদেশি। কারও জন্ম ভারতে, পরে চলে যান অন্য দেশে। একসময় এঁদের অনেকে ভেবেছিলেন বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করবেন। সেটা সম্ভব না হলেও অন্য দেশেও যে ক্রিকেট খেলতে পারছেন, সেটাকেই প্রাপ্তি বলে ধরছেন অনেকে।
তাঁদের মধ্যে অন্যতম মোনাঙ্ক প্যাটেল। ৩২ বছর বয়সি ক্রিকেটার এখন আমেরিকার অধিনায়ক। খেলতে হবে ভারতের বিরুদ্ধে। একসময় গুজরাটের অনূর্ধ্ব–১৯ দলে খেলা মোনাঙ্কের কথায়, ‘আমাদের দলের প্লেয়ারদের স্বপ্নপূরণ হতে চলেছে। আমাদের অনেকেরই কেরিয়ার শুরু হয়েছিল ভারতে। আমেরিকার হয়ে ভারতে খেলতে নামাটা একটু অন্যরকম লাগছে। কিন্তু আমেরিকার হয়ে খেলাটাই যেন আমার ভবিতব্য ছিল।’ সৌরভ নেত্রভালকার গত টি–২০ বিশ্বকাপেও খেলেছিলেন। রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেটও পান। পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার এখন আমেরিকার বোলিংয়ের প্রধান শক্তি।
বিশ্বকাপে এবার প্রথম খেলবে ইতালি। সেই দলে রয়েছেন জশপ্রীত সিং। ভাগওয়ারায় জন্মানো জশপ্রীত সিং বলেছেন, ‘আমি খুব ছোট বয়সে ইতালিতে আসি। সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলা। সেটা আরও স্পেশাল, কারণ ভারতের মাটিতে এসে তা খেলব। বিশ্বকাপের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই।’ বিশ্বকাপে ইতালির আবার খেলা রয়েছে কলকাতার ইডেন গার্ডেনসে।
