আজকাল ওয়েবডেস্ক: টি২০ বিশ্বকাপে পাকিস্তান আরও একটি দিন লড়াই করার জন্য বেঁচে আছে। এর জন্য ইংল্যান্ডকে ধন্যবাদ জানাতে হবে তাদের। শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে চার উইকেটে পরাজিত করেছে। থ্রি লায়ন্স ইতিমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করলেও, ব্ল্যাকক্যাপসের বিরুদ্ধে তাদের জয় পাকিস্তানকে আশা জুগিয়েছে। সলমন আঘা অ্যান্ড কোং সুপার ৮ গ্রুপ ২ থেকে সেমিফাইনালের দৌড়ে রয়েছে এখনও। যেহেতু শ্রীলঙ্কা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে, তাই ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচটির দিকেই নজর ছিল পাক ক্রিকেটারদের।

নিউজিল্যান্ডের সুপার এইট অভিযান শেষ। এখন তারা অথবা পাকিস্তান যে কেউ সেমিফাইনালে যেতে পারে। ব্ল্যাকক্যাপসদের নেট রান রেট (এনআরআর) +১.৩৯০। তাদের তিন ম্যাচে তিন পয়েন্ট। অন্যদিকে, পাকিস্তানের এক পয়েন্ট। এনআরআর দুই ম্যাচে -০.৪৬১। শনিবার একটি ম্যাচ বাকি রয়েছে সলমনদের। যদি পাকিস্তান তাদের শেষ খেলায় শ্রীলঙ্কাকে হারিয়ে নিউজিল্যান্ডের এনআরআর-কে ছাড়িয়ে যায়, তাহলে সেমিফাইনালের পথে আর কোনও বাধা থাকবে না। অন্যথায়, নিউজিল্যান্ড চলে যাবে শেষ চারে। প্রথমে ব্যাট করলে পাকিস্তানকে শ্রীলঙ্কাকে ৬৪ রানে হারাতে হবে। পরে ব্যাট করলে ১৩.১ ওভারে রান তাড়া করে জিততে হবে পাকিস্তানকে।

এর আগে সুপার এইটে, পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের খেলাটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলস্বরূপ, উভয় দলই একটি করে পয়েন্ট পায়। এরপর নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়ে দুই পয়েন্ট অর্জন করে। অন্যদিকে পাকিস্তান ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হেরে যায়।

শুক্রবার সুপার এইটের ম্যাচে নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারাতে পারত, তাহলে তাদের পাঁচ পয়েন্টে হত। তাহলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যেত। সেক্ষেত্রে পাকিস্তানের আর কোনও সম্ভাবনা থাকত না। ইংল্যান্ডের জয় পাকিস্তানকে সেমিফাইনালের দৌড়ে পুরোপুরি বাঁচিয়ে রেখেছে। যদি পাকিস্তান তাদের শেষ সুপার এইট ম্যাচটি শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে পারে, তাহলে নিউজিল্যান্ডের সঙ্গে তাদের পয়েন্ট সমান হবে। নেট রান রেট যাদের ভাল থাকবে সেই দল নকআউটে যাবে।