আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নাটক চলছেই। এবার সেটা বন্ধ করার জন্য আইসিসিকে বিশেষ পরামর্শ দিলেন সুনীল গাভাসকর। দুই দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আগেই বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্টে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ২০১২-১৩ মরশুমে শেষবার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে। দুটো টি-২০ এবং তিনটে একদিনের ম্যাচ খেলতে ভারত সফরে এসেছিল পাকিস্তান। বাণিজ্যিক সাফল্যের কথা ভেবে তারপর থেকে সমস্ত আইসিসি এবং এসিসির ইভেন্টে একই গ্রুপে রাখা হয় ভারত এবং পাকিস্তানকে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, আইসিসিকে বিশেষ পরামর্শ সুনীল গাভাসকরের। 

কিংবদন্তি মনে করছেন, পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে শিক্ষা নেবে আইসিসি। ভবিষ্যতে দুই দলকে আলাদা গ্রুপে রাখা হবে। একটি সাক্ষাৎকারে গাভাসকর বলেন, 'এই ঘটনা থেকে হয়ত শিক্ষা নেবে আইসিসি। এরপর থেকে স্বাভাবিকভাবে টুর্নামেন্টের ড্র করা উচিত। ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখার চেষ্টা করা ঠিক নয়। আমি জানি কেন এটা হয়েছে। ২০০৭ বিশ্বকাপে কোনও একটা সময় মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। কিন্তু সেটা হয়নি। কারণ দুই দল আলাদা গ্রুপে ছিল এবং পাকিস্তান শুরুর দিকেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। সেই থেকে প্রত্যেক আইসিসি টুর্নামেন্টে দুই দলকে একই গ্রুপে রাখার চেষ্টা করা হয়।' 

সম্প্রতি সব টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে আধিপত্য দেখিয়েছে ভারত। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামতে ভয় পায় না টিম ইন্ডিয়া। গাভাসকর বলেন, 'ভারতের কথা যদি ভাবা হয়, ওরা দুই পয়েন্ট পেয়ে গিয়েছে। ভারতকে ঘাম ঝরাতে হবে না। পাকিস্তানকে নিয়ে তো নয়ই। সম্প্রতি ওদের বলে বলে হারিয়েছে ভারত। পাকিস্তান সরকার কেন এমন সিদ্ধান্ত নিয়েছে সেটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।' শেষপর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ হবে কিনা সেটা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।