আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপ খেলবে পাকিস্তান। তবে ভারত ম্যাচ বয়কট করেছে তারা। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরক্ত বিসিসিআই, আইসিসিও। দেশের প্রাক্তন ক্রিকেটাররাও বিরক্ত। তবে এই বয়কট নাটক বেশিদিন চলবে না বলেই মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার। সানির বিশ্বাস পাকিস্তানের ‘ইউ টার্ন’ সময়ের অপেক্ষা।


১৫ ফেব্রুয়ারি টি–২০ বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ। খেলা কলম্বোয়। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে না পাকিস্তান। মনে করা হচ্ছে, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ‘প্রতিবাদ’ এটা। তবে আইসিসি থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ‘বেছে বেছে প্রতিপক্ষ ঠিক করে নেওয়াটা ক্রিকেটীয় আদর্শের বিরোধী।’ এই অবস্থায় গাভাসকার বলেছেন, ‘‌যখন ক’দিন পর গোটা দুনিয়া ওদের বিপক্ষে চলে যাবে, তখনই সিদ্ধান্ত বদলে ফেলবে ওরা। এটা তো ওদের জন্য নতুন কিছু নয়। অবসরের সিদ্ধান্ত থেকে ইউ টার্ন নেওয়ার জন্য নামডাক আছে পাকিস্তানের ক্রিকেটারদের। বলত, ভক্তরা চায় না। এবার হয়তো পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা সরকারকে এই নিয়ে প্রশ্ন করবে। অবসরের ৮–১০ দিন পর পাল্টি খাওয়ার রেওয়াজ চালু করে দিয়েছে ওদের ক্রিকেটাররা। ফলে এবারও হয়তো দেখা গেল ১৫ ফেব্রুয়ারির আগে সেরকম কিছু ঘটবে। আমি তাতে অবাক হব না।’‌ 


এটা ঘটনা, ১৫ ফেব্রুয়ারি ভারত–পাক ম্যাচের আগে পাকিস্তানের নেদারল্যান্ডস ও আমেরিকার বিরুদ্ধে ম্যাচ আছে। সেই দু’টো ম্যাচের মধ্যে একটিতে হেরে গেলেই চাপে পড়বেন বাবর আজমরা। কারণ, ভারতের ম্যাচ বয়কট করলে নেট রানরেটে অনেক পিছিয়ে যাবে তারা। সেক্ষেত্রে ধরে নেওয়া হবে, ২০ ওভার থাকতেই ম্যাচ হেরেছে পাকিস্তান। অন্য কোনও দল যদি বাকি ম্যাচগুলো জিতে যায়, তাহলে পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে যাবে। প্রসঙ্গত, গত টি–২০ বিশ্বকাপে আমেরিকার কাছে হেরেছিল পাকিস্তান।


অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, রাজনীতি দরজা বন্ধ করে আর ক্রিকেট দরজা খোলে। এটা দুঃখের যে পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না। কিন্তু আমি সরকারের সিদ্ধান্তের পাশে আছি। এখন দেখার আইসিসি নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে পারে কি না।’