আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি আবারও প্রমাণ করলেন কেন তাঁকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বলা হয়।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার মেনে কলকাতা নাইট রাইডার্স আরও বিপন্ন হয়। টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকেই গিয়েছে কেকেআর বললেও অত্যুক্তি করা হবে না।
বিরাট কোহলি ফের সেঞ্চুরি করলেন। এবার নিয়ে ৯টি সেঞ্চুরি। তার মধ্যে কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরির সংখ্যা ২টি। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি।
টানা দু'টি ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পরে কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। সেই সব সমালোচনা গ্যালারিতে ফেলে ৩৭ বছরের কোহলি বিরাট অবতারে ধরা দিলেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকর।
সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর বলেন, ''কোহলি কেকেআরের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেছে। রান তাড়া করার ক্ষেত্রে ওর মতো পরিকল্পিত ইনিংস খুব কম ক্রিকেটারই খেলতে পারে।''
তিনি আরও বলেন, ''এবারের আইপিএলে সবাই নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিয়েই আলোচনা করছিল। কিন্তু কোহলি বুঝিয়ে দিল,পুরনো প্রজন্ম এখনও শেষ হয়ে যায়নি। শতরান করে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছে ও।''
টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির ধারাবাহিকতার কথাও তুলে ধরেন গাভাসকর। তাঁর মতে, কোহলির তৈরি করা রেকর্ড ভাঙতে ভবিষ্যতের ক্রিকেটারদের অনেক সময় লাগবে।
গাভাসকর বলেন, ''টি-টোয়েন্টিতে শতরানের তালিকায় কোহলি এখন তৃতীয় স্থানে। ওর আগে রয়েছে ক্রিস গেইল এবং বাবর আজম। এছাড়া সবচেয়ে দ্রুত ১৪ হাজার টি-টোয়েন্টি রান করার রেকর্ডও ওর দখলে। আইপিএলেও রয়েছে ন'টি শতরান।''
ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের কথাও উল্লেখ করেন লিটল মাস্টার। ইনিংসের শুরুতেই কোহলির একটি ক্যাচ ফেলেন রভম্যান পাওয়েল। সেই ভুলেরই বড় মাশুল দিতে হয় কেকেআরকে।
গাভাসকর বলেন, ''এই ম্যাচের আগে ক্যাচ নেওয়ার ক্ষেত্রে কেকেআরের সাফল্যের হার ছিল সেরা। কিন্তু কোহলির ক্যাচ ফেলে বড় ভুল করেছে তারা। কোহলিকে শুরুতে জীবন দিলে সে তার মূল্য চোকাতেই বাধ্য করবে।''
শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়। জীবন ফিরে পেয়ে স্মরণীয় শতরান উপহার দেন বিরাট কোহলি।















