আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের স্নানঘরে উঁকি। এই অপরাধে শ্রীলঙ্কার দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, কলম্বোর নারাহেনপিটা এলাকার একটি হোটেলে রয়েছে শ্রীলঙ্কার অনুর্ধ্ব–১৯ দল। সেখানেই গোপনে মহিলাদের স্নানের দৃশ্যের ভিডিও করার অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার অনূর্ধ্ব–১৯ দুই ক্রিকেটারের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট মহলে। হোটেলের কয়েক জন মহিলা অভিযোগ করেন, তাঁরা স্নান করার সময় মোবাইলে ভিডিও করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ অভিযোগ পেয়েই নারাহেনপিটা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুই ক্রিকেটারকে প্রথমে আটক করা হয়। পরে তথ্য–প্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা মহিলাদের স্নানের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে। দুই ক্রিকেটারের নাম অবশ্য প্রকাশ করা হয়নি।
অভিযুক্তদের আলুথকাডে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হলে বিচারক ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন দেন। দুই ক্রিকেটারকে ৫ লাখ শ্রীলঙ্কার টাকার (ভারতীয় মূল্যে প্রায় ১.৫ লাখ টাকা) বিনিময়ে জামিন দেওয়া হয়েছে। আগামী ২৫ মে এই মামলার পরবর্তী শুনানি হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত দুই ক্রিকেটার ভিডিওগুলি নিয়ে কী করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তারপর তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। শ্রীলঙ্কা ক্রিকেটও দু’জনের বিরুদ্ধে এখনও কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।
প্রসঙ্গত, আপাতত অন্তর্বর্তীকালীন কমিটি শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব সামলাচ্ছেন। এর মধ্যেই অনূর্ধ্ব–১৯ দুই ক্রিকেটারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ।















