আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সুপার লিগ  বনাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ  নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক নতুন কিছু নয়। তবে শনিবার এক সাংবাদিক বৈঠকে বিদেশি এক ক্রিকেটারের কাছে কোন লিগ তিনি বেশি পছন্দ করেন, এই 'মিলিয়ন ডলারের প্রশ্ন' ছুড়ে দেন এক সাংবাদিক।

তিনি শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস। যিনি চলতি মরশুমে পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন।  তাঁর উদ্দেশে প্রশ্ন করা হয়, গত বছর মাঝপথে পিএসএল ছেড়ে আইপিএলে গুজরাট টাইটান্সে যোগ দেওয়ার জন্য তাঁর কোনো আফসোস আছে কি না। প্রশ্নটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। পরে সঞ্চালককে হস্তক্ষেপ করতে হয়।

পেশোয়ার জালমি এই মরশুম শুরুর আগে মেন্ডিসকে দলে নিয়েছিল। গত মরশুমে তিনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৮টি ম্যাচ খেলেছিলেন। এরপর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে টুর্নামেন্টের মাঝপথে ভারতে চলে যান। পরে তিনি আইপিএল ২০২৫ প্লে-অফে গুজরাট টাইটান্সের হয়ে পরিবর্ত খেলোয়াড় হিসেবে যোগ দেন।

আইপিএল ২০২৬ নিলামের আগে গুজরাট টাইটান্স তাঁকে রিলিজ করে এবং তিনি এবারের মরশুমে কোনও ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পাননি। পরে তিনি আবার পিএসএলে ফিরে পেশোয়ার জালমির হয়ে খেলছেন এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন। মাত্র ৪ ম্যাচে করেছেন ২৪১ রান।

সাংবাদিকের প্রশ্ন ছিল, ''গত বছর আপনি পিএসএল ছেড়ে আইপিএলে গিয়েছিলেন। এবার আপনাকে নেয়নি। পিএসএল ছেড়ে যাওয়ার কোনো আফসোস নেই?''

এই প্রশ্নের পর সঞ্চালক সাংবাদিককে শুধুমাত্র পিএসএল ও পেশোয়ার জালমি ম্যাচ সম্পর্কিত প্রশ্ন করার নির্দেশ দেন। সাংবাদিক তখন বলেন, প্রশ্নটি পিএসএল সম্পর্কিতই।

তবে কুশল মেন্ডিস এ বিষয়ে কোনও উত্তর দেননি এবং পরবর্তী সাংবাদিকের প্রশ্নের অপেক্ষা করতে থাকেন।

আইপিএল ও পিএসএল একই সময়ে চলায় প্রায়ই বিদেশি ক্রিকেটারদের একটি লিগ বেছে নিতে হয়। যদিও দুই লিগের মধ্যে সরাসরি কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই।  আইপিএল অর্থ, প্রতিযোগিতা এবং জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের অন্যান্য ক্রিকেট লিগের তুলনায় অনেক এগিয়ে।

বিদেশি ক্রিকেটাররা আইপিএলে সুযোগ না পেলে তবেই পিএসএলে যোগ দেন। কুশল মেন্ডিসের ক্ষেত্রেও গত বছর একই ঘটনা ঘটেছিল। এমনকি অতীতেও এমন উদাহরণ রয়েছে যেখানে কিছু খেলোয়াড় আইপিএলে ডাক পাওয়ার পর পিএসএল ছেড়ে চলে গিয়েছিলেন।