আজকাল ওয়েবডেস্ক: ফুটবল বিশ্বের নতুন তারা লামিন ইয়ামালকে ঘিরে চর্চার শেষ নেই। স্পেনের হয়ে সদ্য বিশ্বকাপ জেতার পর থেকেই ক্লাবের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা। সম্প্রতি সেই চর্চায় নতুন করে ঘৃতাহুতি দিয়েছে একটি জল্পনা—মাত্র ১৯ বছর বয়সেই কি বাবা হতে চলেছেন বার্সেলোনার এই তরুণ তুর্কি? সমাজমাধ্যমের পাতায় এমন খবরের ঝড় উঠতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
ঘটনার সূত্রপাত ইয়ামালের প্রেমিকা তথা স্প্যানিশ ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার একটি টিকটক পোস্টকে কেন্দ্র করে। মাতৃত্ব ও অন্তঃসত্ত্বা মহিলাদের নিয়ে তৈরি একটি আবেগঘন বার্তা রি-পোস্ট করেছিলেন ২১ বছর বয়সী ইনেস। ব্যাস, তা নজর এড়ায়নি নেটিজেনদের। দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে যে, ইয়ামাল ও ইনেস হয়তো তাঁদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন। শুধু তাই নয়, সমাজমাধ্যমের বিভিন্ন পাতায় কৃত্রিমভাবে তৈরি করা ভুয়ো আল্ট্রাসাউন্ডের ছবিও ঘুরতে শুরু করে, যা এই গুঞ্জনকে আরও উসকে দেয়।
তবে বাস্তব চিত্রটি একেবারেই আলাদা। ইয়ামাল বা ইনেস—দুজনের কেউই এখনও বাবা-মা হতে যাওয়ার কোনও আনুষ্ঠানিক ঘোষণা দকরেননি। ফ্যাক্ট-চেক এবং স্প্যানিশ সংবাদমাধ্যমের সূত্র ধরে জানা গিয়েছে, ইন্টারনেটে ভাইরাল হওয়া আল্ট্রাসাউন্ড রিপোর্টগুলো পুরোপুরি ভুয়ো এবং এডিটেড। ইনেসের অনুরাগীদের দাবি, সামাজিক মাধ্যমে মাতৃত্ব সম্পর্কিত একটি সুন্দর ভিডিও ভালো লাগায় তিনি কেবল সেটি শেয়ার করেছিলেন, এর মানে এই নয় যে তারা এখনই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সাম্প্রতিক সময়ে অবশ্য অনলাইনের কটাক্ষ ও গুঞ্জনের মুখোমুখি বেশ কয়েকবার হতে হয়েছে এই তরুণ জুটিকে। তবে সব জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আপাতত ফ্রান্সের সান-ট্রোপেতে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তারা। সমাজমাধ্যমে নিজেদের ছুটির সুন্দর কিছু মুহূর্ত ভাগ করে নিয়ে ইয়ামাল বার্তা দিয়েছেন, বাইরের রটনায় তাদের সম্পর্কে কোনো প্রভাব পড়েনি।
















