আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ৮ নভেম্বর থেকে ডারবানে শুরু হচ্ছে টি- টোয়েন্টি সিরিজ। ২৯ জুন বার্বাডোজে বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। দলের অধিনায়ক এডেন মার্করাম। রয়েছেন ডেভিড মিলার এবং হেনরিক ক্লাসেনের মতো শক্তিশালী মিডল অর্ডার। স্পিন বিভাগের নেতৃত্বে রয়েছেন কেশব মহারাজ। মার্কো জ্যানসেন এবং জেরাল্ড কোয়েটজি পেস আক্রমণে রয়েছেন।
অলরাউন্ডার মিহলালি ম্পংকওয়ানা ঘরোয়া লিগে চমৎকার পারফরম্যান্সের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। সিএসএ টি২০ চ্যালেঞ্জে তিনি ১২ উইকেট নিয়েছেন ১৪.০৮ গড়ে। তাঁর সঙ্গে অলরাউন্ডার আন্দিল সিমেলানেকেও দলে রাখা হয়েছে। যিনি সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে ছিলেন। লুথো সিপামলা, যার আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ উইকেট রয়েছে, তিনি তৃতীয় এবং চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে দলে যোগ দেবেন।
দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, ‘এটি আমাদের জন্য একটি উত্তেজনাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সিরিজ, কারণ আমরা ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের দিকে প্রস্তুতি নিচ্ছি। দলে যুব ও অভিজ্ঞতার একটি সুন্দর মিশ্রণ রয়েছে, এবং আমি আক্রমণাত্মক ভারতীয় টি২০ দলের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করা হোক’।
















