আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচক কমিটি। দলীয় সংহতি বাড়ানো এবং ম্যাচ প্র্যাকটিসকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রধান নির্বাচক অজিত আগরকর এবং তাঁর কমিটি এই নিয়ে দীর্ঘ আলোচনা করেন। আইপিএলের ব্যস্ত সূচির পর প্রথমে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার ভাবনা থাকলেও শেষ পর্যন্ত মত বদলায় বোর্ড। কারণ বর্তমানে রোহিত ও বিরাট কেবলমাত্র একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেই নিয়মিত খেলছেন, ফলে ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি বলেই মনে করেছেন নির্বাচকরা।

আগামী জুনের প্রথম দু'সপ্তাহে ভারত সফরে আসছে আফগানিস্তান। ৬ জুন নিউ চণ্ডীগড়ে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৪ থেকে ২০ জুনের মধ্যে ধরমশালা, লখনউ ও চেন্নাইয়ে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

নির্বাচকদের মতে, পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া ভারতীয় দলে তরুণ ক্রিকেটারদের সঙ্গে রোহিত ও বিরাটের সমন্বয় গড়ে তোলার জন্যও এই সিরিজ গুরুত্বপূর্ণ। একইসঙ্গে দুই তারকা ব্যাটারের ফিটনেস ও পারফরম্যান্সও পর্যবেক্ষণে রাখা হবে।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ এখনও অনেক দূরে থাকায় দল নির্বাচনের দরজা সবার জন্যই খোলা। কোনও ক্রিকেটার স্থায়ীভাবে দলে জায়গা পাকা করে ফেলেননি বা বাদও পড়েননি। ভবিষ্যতে ফর্ম ও ফিটনেসই হবে নির্বাচনের প্রধান মাপকাঠি। 

সম্প্রতি আরসিবি পডকাস্টে নিজের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছিলেন বিরাট কোহলি। সেখানে তিনি স্পষ্ট জানান, বারবার নিজের যোগ্যতা প্রমাণ করার পরিবেশে তিনি খেলতে চান না।

কোহলি বলেন, ''আমি যদি দলের পরিবেশে মূল্য যোগ করতে পারি এবং দলও যদি মনে করে আমি অবদান রাখতে পারি, তাহলে আমি খেলব। কিন্তু যদি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আমাকে বারবার নিজের মূল্য প্রমাণ করতে হয়, তাহলে আমি সেই জায়গায় থাকতে চাই না।''

এদিকে নির্বাচক বৈঠকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মিডল অর্ডার ও উইকেটকিপার পজিশন নিয়ে। বিশেষ করে ঈশান কিশান ও সঞ্জু স্যামসনের মধ্যে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে দীর্ঘ বিতর্ক চলে।

শেষ পর্যন্ত ঈশান কিশানের উপরই আস্থা রাখেন নির্বাচকরা। তাঁর ওয়ানডে রেকর্ড এবং চাপের মধ্যে খেলার মানসিকতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে ভবিষ্যৎ বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁর আক্রমণাত্মক ব্যাটিংকেও বড় অস্ত্র হিসেবে দেখা হচ্ছে।

তবে সঞ্জু স্যামসন এবং রুতুরাজ গায়কোয়াড় এখনও নির্বাচকদের পরিকল্পনায় রয়েছেন বলেও স্পষ্ট করা হয়েছে। আগামী আন্তর্জাতিক সিরিজগুলিতে সুযোগ পাওয়ার দৌড়ে তাঁরা সামনের সারিতেই রয়েছেন।