আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও গ্রেগ চ্যাপেলের অধ্যায় নিয়ে এখনও ভারতীয় ক্রিকেট উত্তাল হয়।
সেই সময়ে সৌরভ ও গুরু গ্রেগকে নিয়ে সংবাদমাধ্যমে কালি খরচ হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক ফের একবার তুলে ধরলেন প্রাক্তন অজি ক্রিকেটার ও গুরু গ্রেগের সঙ্গে তাঁর পুরনো বিতর্কিত সম্পর্কের নতুন দিক।
একটি পডকাস্টে কথা বলতে গিয়ে গাঙ্গুলি জানান, ২০১১ সালে তিনি যখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন, তখন হঠাৎই চ্যাপেল তাঁকে একটি ইমেল পাঠিয়েছিলেন। সেই ইমেলে চ্যাপেল কেকেআর দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেন।
গাঙ্গুলি বলেন, ''আমি এক সকালে ইংল্যান্ডের বাড়িতে বসে ইমেল চেক করছিলাম। হঠাৎ দেখি ওর ইমেল। আমি ভাবলাম, আমি কি এখনও ঘুমাচ্ছি? তারপর নাম আর আইডি ভাল করে দেখে নিশ্চিত হলাম, কারণ অনেক ভুয়ো মেলও আসে।''
সৌরভ আরও বলেন, “কেকেআরের কোচ হতে চেয়েছিলেন গ্রেগ। আমি তখন অধিনায়ক।''
সৌরভ রসিকতা করে বলেন, ''মানুষ ভাবতেই পারেন দাদা বড় ভুল আর করবেন না। একবার ভুল করে ফেলেছেন, তবে একই ভুল বারবার হওয়া সম্ভব নয়।''
তবে কেকেআর আর সৌরভের বিচ্ছেদ হয়ে যায়। গুরু গ্রেগ প্রসঙ্গে সৌরভ জানান, গ্রেগের মেসেজের উত্তর তিনি দেননি।
সৌরভ আর গ্রেগ চ্যাপেলের সেই অধ্যায় নিয়ে এখনও চায়ের পেয়ালায় তুফান ওঠে।















