আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরের আগে ইস্তফা দেওয়া ধুম পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। প্রথমে রোহিত শর্মা। পরে বিরাট কোহলি। এবার সোহম দেশাই। ভারতীয় দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ ছিলেন তিনি। দীর্ঘ সময় তিনি কাজ করেছেন টিম ইন্ডিয়ায়। সেই সম্পর্ক এবার ছিন্ন হল। ভারতের নতুন হেডস্যর গৌতম গম্ভীরের সঙ্গে বনিবনা না হওয়াতেই কি তাঁকে সরতে হল? 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সোহম। সেকথা জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁর ইস্তফায় আবেগপ্রবণ হয়ে পড়ে পড়েন  দেশের তারকা বোলার মহম্মদ সিরাজও। 

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের সঙ্গে জড়িয়ে ছিলেন সোহম। ভারতীয়  দলের হেডস্যর যখন রবি শাস্ত্রী, তখন দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন তিনি।  রাহুল দ্রাবিড়ের সময়েও তিনি ছিলেন দলে। কিন্তু তাল কাটল বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ভরাডুবির পরে। একে একে সরে যাচ্ছেন সবাই। 

সোশ্যাল মিডিয়ায় নিজের পদত্যাগ নিয়ে সোহম দেশাই লিখেছেন, ''দীর্ঘ সময় ধরে  ভারতীয় ক্রিকেটের সেবা করার সুযোগ পাওয়া সম্মানের এবং সৌভাগ্যের ব্যাপার। ২৯ বছর বয়সে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছিলাম। রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি আমার উপরে আস্থা রেখেছিলেন। তাঁদের কৃতজ্ঞতা জানাই। '' রোহিত শর্মার কথাও উল্লেখ করেছেন তিনি। 

সোহমের চলে যাওয়ায় ব্যথিত সিরাজ। আবেগপ্রবণ হায়দরাবাদি বোলার লিখেছেন, ''কোচ, পথপ্রদর্শক, পরামর্শদাতা এবং বড় ভাইয়ের মতো ছিল। এখানেই সব কিছুর শেষ নয়। ফের দেখা হবে আমাদের।''