আজকাল ওয়েবডেস্ক: ৪৮ ঘণ্টা আগেই টেস্ট অধিনায়ক হিসেবে শুভমন গিলের নাম ঘোষণা করা হয়েছে। এবার তরুণ ক্রিকেটারের উদ্দেশে আগাম সতর্কবাণী সুনীল গাভাসকরের। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন গিল। তাঁর ডেপুটি ঋষভ পন্থ। তবে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া যে সহজ হবে না, সেটা স্পষ্ট জানিয়ে দিলেন সানি। জানালেন, প্লেয়ারদের সম্মান আদায় করে নেওয়ার পাশাপাশি, চাপ সামলাতে হবে। যশপ্রীত বুমরা এবং কেএল রাহুলও অধিনায়কের দৌড়ে ছিলেন। কিন্তু দু'জনকে ছাপিয়ে গিয়েছেন গিল। গাভাসকর জানান, নেতৃত্ব অনেক প্লেয়ারের ক্ষেত্রে পরিস্থিতি বদলে দেয়। গিলকে সেই বিষয়ে সতর্ক হতে হবে। গাভাসকর বলেন, 'ভারতের অধিনায়ক হলেই সংশ্লিষ্ঠ প্লেয়ারের ওপর বাড়তি চাপ চলে আসে। দলের একজন সাধারণ সদস্য এবং অধিনায়কের মধ্যে বড় পার্থক্য রয়েছে। কারণ দলের সদস্য থাকাকালীন শুধুমাত্র কাছের প্লেয়ারদের সঙ্গেই কথাবার্তা হয়। কিন্তু অধিনায়ক হলে আচরণে পরিবর্তন আনতে হয়, যাতে দলের বাকি সদস্যরা সম্মান করে। অধিনায়কের ব্যবহার তাঁর পারফরম্যান্সের থেকেও বেশি গুরুত্বপূর্ণ।'
শুভমনকে অধিনায়ক বেছে নেওয়ার জন্য বিসিসিআইয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানান যোগরাজ সিং। তরুণ ক্রিকেটারের এই উল্লেখযোগ্য যাত্রার জন্য তাঁর বাবা এবং যুবরাজ সিংকে কৃতিত্ব দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। জানান, দ্রুত সাফল্যের শিখরে পৌঁছে যাওয়ার চাবিকাঠি পরিবারের সমর্থন এবং সাহায্য। যোগরাজ বলেন, 'শুভমন গিলের সাফল্যের কৃতিত্ব তাঁর বাবা এবং যুবরাজ সিংয়ের। ও যদি দীর্ঘদিন ধরে অধিনায়ক থাকে, যুবরাজের সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।' যোগরাজের দাবি, ক্রিকেটারের পাশাপাশি নেতা হিসেবে বেড়ে উঠতেও সাহায্য করেছে যুবরাজের পরামর্শ।
















