আজকাল ওয়েবডেস্ক: বল হাতে শুধুমাত্র ম্যাজিশিয়ান ছিলেন না, জানতেন কোথায় বাজি ধরতে হবে। এককথায়, দূরদর্শী। আইপিএলের উদ্বোধনী মরশুমে রাজস্থান রয়্যালসের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর নিজের চুক্তিতে একটি ক্লজ রাখেন শেন ওয়ার্ন। যার ফলে মৃত্যুর চার বছর পরেও বিশাল লাভবান হবে তাঁর পরিবার। মার্কিন যুক্তরাষ্ট্রের কনসর্টিয়াম কাল সোমানি প্রায় ১৫,০০০ কোটিতে রাজস্থান রয়্যালস কেনার পর এই ক্লজ প্রকাশ্যে আসে। ২০০৮ সালে যখন ওয়ার্নকে সই করানো হয়, তাঁকে শুধুমাত্র অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি, ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটীয় অপারেশনের কন্ট্রোলও দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, যে কদিন রাজস্থান রয়্যালসে খেলবেন, প্রত্যেক বছর ০.৭৫ শতাংশ মালিকানার অংশ অস্ট্রেলিয়ান তারকার পাওয়ার কথা ছিল। একটি আন্তর্জাতিক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছিলেন, 'চুক্তির অঙ্গ হিসেবে ওরা আমাকে অধিনায়ক, কোচের পাশাপাশি ক্রিকেট দলকে নিজের মতো করে চালানোর দায়িত্ব দেয়। আমি ওয়ান শপ স্টপ ছিলাম।'
চার বছর রাজস্থানে কাটান ওয়ার্ন। ২০০৮ সালে উদ্বোধনী আইপিএলে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। তারওপর ফ্রাঞ্চাইজিতে তাঁর মালিকানার অংশ বেড়ে ৩ শতাংশ হয়। এবার দল প্রায় ১৫,০০০ কোটিতে বিক্রি হওয়ায়, ওয়ার্ন পাবেন ৪৫০-৪৬০ কোটি টাকা। রাজস্থান রয়্যালসে খেলাকালীন মরশুম প্রতি ২.৩৪ কোটি পেতেন অস্ট্রেলিয়ান তারকা। সঙ্গে ০.৭৫ শতাংশ মালিকানা। চার মরশুম খেলায় বেতন হিসেবে ৯.৩৬ কোটি পান। সঙ্গে রাজস্থান রয়্যালসের শেয়ারের তিন শতাংশ মালিকানা।
২০২৬ আইপিএল শেষ হওয়ার পর, সেই শেয়ার বিক্রি করে টাকা নিতে পারবে ওয়ার্নের পরিবার। তবে এর অনুমতি দিতে হবে বিসিসিআইকে। ২০০৮ সালে মাত্র ৬৭ মিলিয়ন মার্কিন ডলারে রাজস্থান রয়্যালস কেনে মনোজ বাদালের ইমার্জিং মিডিয়া। সেই সময় আইপিএলে সবচেয়ে কমদামী ফ্র্যাঞ্চাইজি ছিল রাজস্থান। সেখান থেকে দ্বিতীয় দামী ফ্র্যাঞ্চাইজি। তবে দুর্ভাগ্যবশত, এই মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন না ওয়ার্ন। ২০২২ সালে মৃত্যু হয় কিংবদন্তির। কিন্তু তাঁর দূরদর্শিতার জন্য লাভবান হবে তাঁর পরিবার। ১৮ বছর আগে করা এক চুক্তির থেকে বিশাল অঙ্ক আয় করবে প্রয়াত ক্রিকেটারের পরিবার। প্রসঙ্গত, গত বছরই রাজস্থান রয়্যালস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন বর্তমান মালিক গোষ্ঠী। তারপর থেকেই বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে যায়। বেশ কয়েকটি গোষ্ঠী আগ্রহও প্রকাশ করেছিল। শেষপর্যন্ত কিনে নেয় কাল সোমানির কনসর্টিয়াম। কাল সোমানির নেতৃত্বাধীন কনসর্টিয়ামে রয়েছেন আমেরিকার আরও দুই ব্যবসায়ী। ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ডের কর্ণধার হ্যাম্প পরিবার।
