আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপ না খেলে বড় ভুল করেছে বাংলাদেশ। এমনটাই মনে করেন সাকিব আল হাসান। ভারতের মাটিতে খেলার বিরোধিতা করেছিল বাংলাদেশ। ফলে তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেয়নি আইসিসি। পরিবর্তে খেলে স্কটল্যান্ড। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে বড় ভুল বললেন সাকিব আল হাসান। দীর্ঘদিন হল বাংলাদেশের হয়ে আর খেলার সুযোগ পান না সাকিব। তাঁর আশা, জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ তিনি দেশের মাটিতেই খেলবেন। বন্ধু তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবালের উপর ভরসা করছেন তিনি।


সাকিব বলেছেন, ‘‌আমার মতে খুব বড় ভুল হয়েছিল। বাংলাদেশের মতো ক্রিকেট পাগল এক দেশের বিশ্বকাপে না খেলা মানা যায় না। আমাদের সমর্থকরা চান, বাংলাদেশ বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় খেলুক। বাংলাদেশ সরকারের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত খুব বড় ভুল।’‌ 
বাংলাদেশে সরকার হওয়ার পর থেকে ছবিটা একটু বদলেছে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে বরফ গলবে বলেই মনে করেন সাকিব। তাঁর কথায়, ‘‌আমার মনে হয়, পরিস্থিতি ভাল হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে এক, দুটো সিরিজের আলোচনা চলছে। আমি শুনছি, আগস্ট বা সেপ্টেম্বর মাসে দু’দেশের মধ্যে খেলা হবে। সেই সিরিজ হলে পরিস্থিতি ভাল হবে।’‌


প্রসঙ্গত, বাংলাদেশে সাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে। ফলে এখন দেশে ফিরতে পারছেন না তিনি। যদিও নতুন সরকারের মধ্যে আলোচনা চলছে, সেই সব মামলা তুলে নেওয়ার। সাকিবও চান জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ নিজের দেশে খেলতে। বাংলাদেশের হয়ে ৭১ টেস্ট, ২৪৭ একদিনের ম্যাচ ও ১২৯ টি–২০ খেলা সাকিবের কথায়, ‘‌সময় সব ঠিক করে দেয়।’‌ 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী সভাপতি হয়েছেন তামিম। সাকিবের মতো তিনিও বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ছিলেন। দু’জনের সম্পর্ক বেশ ভাল। বন্ধুর উপর ভরসা রয়েছে সাকিবের। তাঁর কথায়, ‘‌ও অন্তর্বর্তী সভাপতি হয়েছে। আশা করছি, নির্বাচনের পর ও পাকাপাকিভাবে সভাপতি হবে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ওর অনেক পরিকল্পনা রয়েছে।’‌